ওয়াশিংটন: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশ থেকে গোটা বিশ্ব। এই ঘটনার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরও চিড় ধরেছে। তিক্ততা বেড়ে গিয়েছে বহু গুণ। এর মাঝেই দুই দেশকে বিশেষ বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন তিনি। গতকাল, শুক্রবার ট্রাম্প বলেন, ‘ভারত ও পাকিস্তানের খুব কাছের আমি। আপনারা সেটা ভালোভাবেই জানেন। এই দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে ঝামেলা বহু পুরনো। হাজার, দেড়হাজার বছর ধরে চলে আসছে সেই ঝামেলা। কিন্তু পহেলগাঁওতে যে হামলা হয়েছে তা খুবই খারাপ।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ও ভারতের মধ্যে প্রচণ্ড উত্তেজনা রয়েছে, কিন্তু এটা সবসময়ই ছিল। আমি নিশ্চিত যে, তাঁরা কোনও না কোনওভাবে এর সমাধান করবেন। দুই দেশের নেতাদের খুবই ভালোভাবে চিনি আমি।’ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক আগেই বার্তা দিয়েছিলেন ট্রাম্প। সবরকম সাহায্যের আশ্বাস দিয়ে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যে চরম উত্তেজনা রয়েছে, তা কমাতে চাইছেন ট্রাম্প। তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট হচ্ছে বিষয়টি। তাই দূর থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন