নয়াদিল্লি: আধার কার্ডের সঙ্গে ভোটার পরিচয়পত্রর সংযুক্তিকরণ চলবে না। শুক্রবার ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে স্পষ্টভাষায় একথা জানিয়ে দিল তৃণমূল। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এদিন সাক্ষাৎ করল তৃণমূলের সংসদীয় দলের প্রতিনিধিরা। মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া হল স্মারকলিপি। সংসদ চত্বরে দেখাল বিক্ষোভও।
সংযুক্তিকরণের বিরোধিতার পাশাপাশি দ্রুত ভুয়ো ভোটার সংক্রান্ত সমস্যা মেটানোর দাবি করেছে তৃণমূল। নির্ভূল ভোটার তালিকাতেই ভোট করাতে হবে বলেও দাবি করেন দলীয় সাংসদরা। ভুয়ো ভোটার ইস্যুতে সংসদে আলোচনা চেয়েছিল তৃণমূল সহ বিজেপি বিরোধী সিংহভাগ দল। কিন্তু অনুমোদন দেননি স্পিকার ওম বিড়লা কিংবা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার। তাই নিজেদের দাবিতে সোচ্চার হয়ে এদিন প্রথমে নির্বাচন কমিশন, পরে সংসদ চত্বরে বিক্ষোভ। সংসদ চত্বর থেকে বিজয়চক পর্যন্ত মিছিলও। কমিশনের কাছে তৃণমূলের দাবি শুনে মুখ্য নির্বাচন কমিশনার আশ্বাস দিয়েছেন, ত্রুটিহীন ভোটার তালিকা তৈরিই তাঁদের লক্ষ্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন