হায়দরাবাদ: চলতি আইপিএলের শুরুটা
ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছিল
হার্দিক পান্ডিয়ার দল। তবে সেই ব্যর্থতা ভুলে দুরন্তভাবে ঘুরে দাঁড়িয়েছে
পাঁচবারের চ্যাম্পিয়ন। জয়ের হ্যাটট্রিকে টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন
রোহিত শর্মারা। এমন পরিস্থিতিতে বুধবার উপ্পলে মুম্বইয়ের প্রতিপক্ষ
সানরাইজার্স হায়দরাবাদ। অ্যাওয়ে ম্যাচে জয়ের ছন্দ ধরে রাখতে বদ্ধপরিকর
হার্দিক-ব্রিগেড। অন্যদিকে, চলতি আসরে হায়দরাবাদের পারফরম্যান্সে
ধারাবাহিকতার অভাব স্পষ্ট। সাত ম্যাচে মাত্র দু’টিতে জিতে টেবিলের শেষের
দিকে ধুঁকছে প্যাট কামিন্সের দল। মুম্বইয়ের বিরুদ্ধে হারলে প্লে-অফের দৌড়
থেকে কার্যত বিদায় নিশ্চিত তাদের।
শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৯
উইকেটে উড়িয়ে দিয়েছে মুম্বই। বড় প্রাপ্তি রোহিত শর্মার ফর্মে ফেরা। ৪টি চার
ও ৬টি ছক্কা সহ ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেন হিটম্যান। সূর্যকুমার
যাদবের ব্যাট থেকেও আসে অপরাজিত ৬৮। ফর্মে থাকা তিলক ভার্মাকে নামতেই
হয়নি। সবমিলিয়ে মুম্বইয়ের ব্যাটিং বিভাগ বেশ শক্তিশালী। নমন ধীর, রিকেলটন,
উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়ারাও রানের মধ্যে আছেন। যশপ্রীত বুমরাহ ফেরায়
মুম্বইয়ের বোলিংয়েরও শক্তি বেড়েছে। এছাড়া ট্রেন্ট বোল্ট, দীপক চাহার,
অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুররাও ছন্দে আছেন। পক্ষান্তরে, খাতায় কলমে
সানরাইজার্স হায়দরাবাদও বেশ শক্তিশালী। বিশেষ করে তাদের ব্যাটিং বিভাগ।
ওপেনিংয়ে অভিষেক শর্মা, ট্রাভিস হেড ঝড় তুললে বিপক্ষ টিমের কপালে দুঃখ
রয়েছে। পাঞ্জাবের বিরুদ্ধে অভিষেক তো ৫৫ বলে ১৪১ রানের ইনিংস উপহার
দিয়েছিলেন। চলতি আসরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ঈশান কিষানও। তিনি আবার
মুম্বইয়ের প্রাক্তনী। মিডল অর্ডারে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে সক্ষম
হেনরিখ ক্লাসেনও। কিন্তু সমস্যা হচ্ছে, তাঁদের কেউই ধারাবাহিক নন।
পাঞ্জাবকে গুঁড়িয়ে দেওয়ার পরের ম্যাচেই মুম্বইয়ের সামনে মুখ থুবড়ে পড়েছিল
হায়দরাবাদ। ব্যাটিং ব্যর্থতায় প্রথমে ব্যাট করে কোনওক্রমে দেড়শো রানের
গণ্ডি টপকেছিল তারা। যা জেতার জন্য যথেষ্ট ছিল না। হায়দরাবাদের বোলিং
বিভাগে মহম্মদ সামি, হার্ষল প্যাটেল, প্যাট কামিন্সের মতো নাম রয়েছে।
কিন্তু তাঁদের পারফরম্যান্সেও ধারাবাহিকতার অভাব স্পষ্ট। তবে হায়দরাবাদের
দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। তাই বুধবার মুম্বইয়ের বিরুদ্ধে বদলা নিতে মরিয়া
কামিন্স-ব্রিগেড।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন