কন্নড়: স্থানীয় কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে। যোগ্য পাত্রের আত্মা চাই! কি চমকালেন বুঝি? ঠিক, অবাক হওয়ার মতোই ব্যাপার। তবে বিষয়টা মজার নয়।
যে পরিবারটি এই বিজ্ঞাপন দিয়েছে, তাদের কন্যা গত হয়েছেন তিন দশক আগে। সেই কন্যার আত্মার জন্যই বরের আত্মার খোঁজ জানতে চেয়েছে তারা। কর্ণাটকের দক্ষিণা কন্নড় জেলার পুত্তুরের বাসিন্দা এই পরিবারটি। স্থানীয় ঐতিহ্য মেনেই মৃতা মেয়ের জন্য পাত্রের আত্মানুসন্ধানে ব্যস্ত তারা। এই ঐতিহ্যের নাম ‘প্রেথা মাডুভে’। প্রাচীন এই প্রথা অনুযায়ী, আত্মার সঙ্গে আত্মার বিয়ে দেওয়া হয়। কর্ণাটকের উপকূলবর্তী দক্ষিণা কন্নড় এবং উদুপি এলাকায় এই রীতি এখনও প্রচলিত। কুলাল বর্ণের বাঙ্গেরা গোত্রের পাত্র যিনি কিনা তিন দশক আগে মারা গিয়েছেন— এমন কাউকে চায় সংশ্লিষ্ট পরিবারটি।
বিজ্ঞাপনে লেখা: ‘প্রেথা মাডুভে’ (আত্মার বিবাহ) সম্পন্নার্থে ৩০ বছর আগে মৃত কন্যার জন্য ৩০ বছর আগে মৃত পাত্রের আত্মা চাই। নিম্নলিখিত নম্বরে ফোন করে যোগাযোগ করুন।’ কন্যার পরিবারের দাবি, ইতিমধ্যেই অন্তত ৫০টির মতো কল এসেছে তাদের কাছে। তার মধ্যে থেকে যোগ্য পরিবারের মৃত পুত্র বেছে নিয়ে রীতি পালন করা হবে খুব শিগগির।
গত পাঁচ বছর ধরে এই প্রথা পালনের চেষ্টা চালিয়েছেন তাঁরা। কিন্তু উপযুক্ত কাউকে পাননি। কাগজে বিজ্ঞাপন দেওয়া হলে বিষয়টি নিয়ে ঠাট্টা করা হবে বলে ভেবেছিল পরিবারটি। যদিও কার্যক্ষেত্রে তা হয়নি। যাঁরা এই বিষয়ে ওয়াকিবহাল তাঁরা তো বটেই, ভিন্ন গোত্র ও বর্ণের বেশ কিছু পরিবারও এই রীতি সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন তাদের কাছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন