বেঙ্গালুরু: আট ম্যাচের ছ’টিতেই হেরেছে রাজস্থান রয়্যালস। পয়েন্ট তালিকায় অবস্থান অষ্টম স্থানে। বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যচের আগে তাই কোচ রাহুল দ্রাবিড় সতর্ক করে দিলেন দলকে। মিডিয়ার সামনে তিনি বলেছেন, ‘এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। অবশ্য, এখন থেকে প্রতিটা ম্যাচই অস্তিত্বের লড়াই। আমরা যে অবস্থায় রয়েছি তাতে কোনও ম্যাচে পা হড়কালে চলবে না। তালিকার নীচের দিকে রয়েছি। দ্রুত আমাদের উপরে উঠতে হবে। তার জন্য জেতা জরুরি। আর কোনও বিকল্প নেই।’
কঠিন পরিস্থিতিতে দল যে সেরাটা মেলে ধরতে পারেনি, তা অবশ্য মেনে নিয়েছেন দ্রাবিড়। তাঁর কথায়, ‘প্লে-অফের আশা জিইয়ে রাখতে গেলে দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে আমাদের। বেশ কয়েকটা হাড্ডাহাড্ডি ম্যাচে অল্পের জন্য হেরেছি। আবার বিক্ষিপ্তভাবে ভালোও খেলেছি। কিন্তু চাপের মুখে সেরাটা উজাড় করে দিতে আমরা ব্যর্থ।’ রাজস্থান এই ম্যাচেও পাচ্ছে না অধিনায়ক সঞ্জু স্যামসনকে। দ্রাবিড় জানিয়েছেন, ‘সঞ্জু কবে ম্যাচে ফিরবে তা এখনই বলা সম্ভব নয়। দিল্লি ম্যাচে ও সমস্যায় পড়েছিল। এখনও ফিট নয়। ওকে তাই আনাই হয়নি দলের সঙ্গে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন