বরাদ্দ সেদ্ধ, পরিবর্তে দেওয়া হচ্ছে আতপ চাল, বিক্ষোভ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বরাদ্দ সেদ্ধ, পরিবর্তে দেওয়া হচ্ছে আতপ চাল, বিক্ষোভ

বরাদ্দ সেদ্ধ, পরিবর্তে দেওয়া হচ্ছে আতপ চাল, বিক্ষোভ

জলপাইগুড়ি: চলতি মাসে রেশনে বণ্টনের জন্য রাজ্যের তরফে বরাদ্দ করা হয়েছে সেদ্ধ চাল। কিন্তু দুয়ারে রেশনের ক্যাম্পে আতপ চাল দেওয়ায় গ্রাহকদের বিক্ষোভের মুখে পড়লেন এক রেশন ডিলার। বৃহস্পতিবার জলপাইগুড়ির দেবনগর রথখোলা এলাকায় এ ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। 


ওই ডিলারের বিরুদ্ধে আরও অভিযোগ, রাজ্য সরকারের তরফে রেশনে আটা বরাদ্দ করা হলেও, গ্রাহকদের তা দিচ্ছিলেন না তিনি। কেন আটা দেওয়া হচ্ছে না, সে ব্যাপারে জানতে চাইলে কয়েকজন গ্রাহকের হাতে এদিন ‘ডিউ স্লিপ’ ধরিয়ে দিয়ে একসপ্তাহ পর দোকানে যোগাযোগ করতে বলা হয়। এনিয়ে প্রতিবাদে সরব হন রেশন গ্রাহকরা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খাদ্যদপ্তরের এক ইন্সপেক্টর। গ্রাহকদের অভিযোগ যে সত্যি তা স্বীকার করে নিয়ে তিনি বলেন, এমাসে রেশনে সেদ্ধ চাল দেওয়ার কথা। ওই ডিলার আতপ দিচ্ছিলেন। তাছাড়া আটা ছিল না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।


অভিযুক্ত রেশন ডিলার স্বরাজকুমার ঘোষের অবশ্য দাবি, আমি অসুস্থ থাকায় ভাইয়ের স্ত্রী রেশন দোকানের দেখভাল করছিলেন। হয়তো কোনও সাময়িক সমস্যা হয়েছে। গ্রাহকদের কথা দিচ্ছি, এবার থেকে নিজে বিষয়টি দেখব। আর সমস্যা হবে না। ডিলারের হয়ে এদিন যিনি রেশন দিচ্ছিলেন, সেই গৌরী ঘোষের দাবি, কোনও অনিয়ম হয়নি। সেদ্ধ চাল বাড়িতে ছিল। পরে নিয়ে আসা হয়েছে। আটা দোকান থেকে দেওয়া হবে বলে জানানো হয়।


রেশন ডিলার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা সম্পাদক নীলমণি লাহিড়ি বলেন, বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। তবে আমাদের অবস্থান স্পষ্ট, সরকারি বরাদ্দ অনুযায়ী যদি কোনও ডিলার রেশন না দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই ডিলারের পাশে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। 


জলপাইগুড়ি মহকুমা খাদ্য নিয়ামক শুভাশিস গায়েন বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। রেশন সামগ্রী বণ্টনে অনিয়ম হয়ে থাকলে ওই ডিলারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন