কলকাতা: প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানির দিন ঘোষণা করল হাইকোর্ট। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে শুনানি আগামী সোমবার, ২৮ এপ্রিল। এর আগে, ৭ এপ্রিল শুনানির কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি সৌমেন সেন। ফলে মামলাটি প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের কাছে যায়। বিচারপতি চক্রবর্তীর বেঞ্চে মামলাটি পাঠান প্রধান বিচারপতি।
এরপর মামলাটির শুনানির জন্য মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বিচারপতি চক্রবর্তীর বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তখন আদালত জানিয়েছিল, মামলায় সমস্ত পক্ষকে নোটিস দিতে হবে। সব পক্ষ শুনানির দিন নির্ধারণ করে আবেদন জানাবে। একপক্ষের আবেদন শুনে আদালত শুনানির দিন নির্ধারণ করলে সেই নির্দিষ্ট দিনে শুনানি নাও হতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী সব পক্ষকে নোটিস দেওয়া হয়। এরপর এদিন শুনানির দিন ধার্য করল ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। ওই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য। ওই মামলারই পরবর্তী শুনানি হবে আগামী ২৮ এপ্রিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন