নয়াদিল্লি: দিল্লি-মুম্বই
হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার কাজ চলাকালে ছয় মহিলা শ্রমিককে পিষে দিল
একটি পিকআপ ভ্যান। বেপরোয়া ওই গাড়ির ধাক্কায় মৃতদের দেহ ছিন্নভিন্ন হয়ে
ছড়িয়ে পড়ে। পুলিস জানিয়েছে, শনিবার সকাল দশটা নাগাদ হরিয়ানার ফিরোজপুর
ঝিরকা জেলার বাস গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই ঘাতক গাড়ির চালক
চম্পট দেন। গাড়িটিকে আটক করা হয়েছে। ডিএসপি আজেইব সিং বলেন, দুর্ঘটনায় আরও
পাঁচজন জখম হয়েছেন। তাঁরা মান্ডি খেরা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা
জানিয়েছেন, দুর্ঘটনার পর রাস্তায় মৃতদের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
ঘটনাস্থলে পৌঁছে পুলিস ওই দেহাংশগুলি উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতদের
মধ্যে পাঁচজন খেরি কালান গ্রামের বাসিন্দা ও অন্য একজনের বাড়ি ঝিমরাওয়াত
গ্রামে। ফিরোজপুর ঝিরকা থানার প্রধান আমন সিং বলেন, ঘটনাস্থলের সিসি
ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটি দিল্লি থেকে আলওয়ারের দিকে
যাচ্ছিল। বেপরোয়া গতির জেরেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে মনে করা
হচ্ছে।
এদিকে, এই ঘটনার জেরে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নানা মহল থেকে
প্রশ্ন উঠতে শুরু করেছে। রাস্তায় কাজের সময় যান চলাচলে উপযুক্ত সতর্কতামূলক
ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন