নয়াদিল্লি: পহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য তথ্য’ ও ‘বৈদ্যুতিন প্রমাণ’ হাতে আছে। ভারতের তরফে সুস্পষ্টভাবে একথা জানানো হয়েছে বিদেশি রাষ্ট্রপ্রধানদের। হামলায় কলকাঠি যে পাকিস্তানই নেড়েছিল, সেবিষয়ে অবগত করা হয়েছে দিল্লিতে কর্মরত বিভিন্ন রাষ্ট্রদূতকেও। দিল্লিতে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে শুক্রবার ম্যারাথন বৈঠক করেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। বিভিন্ন দেশের সরকারকে ভারত জানিয়েছে, পহেলগাঁও হামলায় পাকিস্তান জড়িত থাকার ‘বিশ্বাসযোগ্য তথ্য’ ও গোয়েন্দা সূত্রে প্রাপ্ত ‘টেকনিক্যাল প্রমাণ’ দিল্লির হাতে এসেছে। হামলার পর থেকে ১৩টি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী মোদির। এই রাষ্ট্রপ্রধানদেরও বিষয়টি অবগত করা হয়েছে বলে খবর। বিদেশি প্রধান ও রাষ্ট্রদূতদের জানানো হয়েছে, হামলার জড়িত জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনগুলির সম্পর্কে ‘বৈদ্যুতিন তথ্যপ্রমাণ’ মিলেছে। দেখা গিয়েছে, লস্কর-ই-তোইবা ও তার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (হামলার দায় স্বীকারকারী) হামলার জন্য পাকিস্তানের অন্তত দু’টি জায়গা থেকে অপারেট করেছে। এছাড়া হামলায় জড়িত জঙ্গিদের অতীত সম্পর্কেও নিশ্চিত তথ্য হাতে এসেছে। হামলা চালানোর আগে তারা সীমান্তের ওপার থেকে ঢুকে ভারতীয় ভূখণ্ডে গা-ঢাকা দিয়ে ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন