নয়াদিল্লি: আমেরিকা সফররত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ভারতকে আগামীদিনে এফ থার্টি ফাইভ ফাইটার জেট দিতে চলেছে ওয়াশিংটন। যাকে সমরকৌশলের পরিভাষায় বলা হয় ফিফথ জেনারেশন মাল্টি রোল ফাইটার জেট।
ট্রাম্প বলেছিলেন, একমাত্র ঘনিষ্ঠ মিত্রদেশ ও সহযোগী স্ট্র্যাটেজিস্ট পার্টনারদেরই আমরা এই ফাইটার জেট সরবরাহ করি। ভারত সেই বৃত্তের অন্তর্গত। তাই ভারতও এই জেট পেতে চলেছে। কিন্তু ঠিক তার পাশাপাশি ট্রাম্প ভারতের উপর ২৭ শতাংশ আমদানি শুল্ক বলবৎ করতে ছাড়েননি। ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হবে। সেই আলোচনা চলছে।
কিন্তু আমেরিকা তথা ট্রাম্পকে রীতিমতো কড়া বার্তা দিতে ভারত ফ্রান্স থেকে আরও ২৬টি রাফাল ফাইটার জেট ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। ট্রাম্প যখন আশা করে রয়েছেন যে, ভারত আমেরিকা থেকে দ্রুত ক্রয় করবে এফ থার্টি ফাইভ ফাইটার জেট, ঠিক তখন ফ্রান্সকে ৬৪ হাজার কোটিতে রাফাল অর্ডার দেওয়ার সিদ্ধান্ত বস্তুত ভারতের কঠোর বার্তা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন