নয়াদিল্লি: পর্যাপ্ত পরিকাঠামোই নেই। মোদি জমানায় তাই ধুঁকছে কেন্দ্রীয় সরকার পরিচালিত বহু বিদ্যালয়! কারণ বিদ্যালয় পরিকাঠামোর অন্যতম যে মাপকাঠি, সেই স্কুল বিল্ডিংই অমিল বহু ক্ষেত্রে। কেন্দ্রীয় সরকার পরিচালিত দেশের অনেক বিদ্যালয়ের নিজস্ব ভবনই নেই। বেশ কিছু ক্ষেত্রে ভাড়া করা বিল্ডিংয়ে স্কুল চালাতে হচ্ছে কর্তৃপক্ষকে। আবার কোনও কোনও ক্ষেত্রে অন্যান্য বিভাগ কিংবা দপ্তরের সঙ্গে কথা বলে তাদের ভবন ব্যবহার করা হচ্ছে স্কুল পরিচালনার জন্য। সরকারি পরিসংখ্যানে এমনই তথ্য সামনে এসেছে। এহেন খতিয়ানকে রীতিমতো উদ্বেগজনক বলেই মনে করছে শিক্ষা বিশেষজ্ঞ মহল।
সম্প্রতি সংসদে এই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। সেই রিপোর্টে এই ইস্যুতে শিক্ষামন্ত্রকের জবাব লিপিবদ্ধ করা হয়েছে। আর তাতেই সামনে এসেছে ওই তথ্য। সাধারণভাবে কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলগুলির মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুল, সেন্ট্রাল টিবেটান স্কুলস অ্যাডমিনিস্ট্রেটেশনের মতো একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। যদিও এক্ষেত্রে বিদ্যালয়ভিত্তিক পরিসংখ্যান দেওয়া হয়নি। সামগ্রিকভাবে তা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে যে, দেশের মোট ২ হাজার ১৫৬টি কেন্দ্র সরকার পরিচালিত স্কুলের মধ্যে ৩৩টি বিদ্যালয়ই চলছে ভাড়া করা ভবনে। অন্যান্য দপ্তর কিংবা বিভাগের বিল্ডিং ব্যবহার করে স্কুল চালানো হচ্ছে, কেন্দ্র সরকার পরিচালিত এমন বিদ্যালয়ের সংখ্যা ১৬৭টি। নিজস্ব ভবন নেই, কিন্তু যেখানে স্কুল চলে সেখানে কোনও ভাড়া গুণতে হয় না, এমন বিদ্যালয়ের সংখ্যা মোট ২৪৩টি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, সংশ্লিষ্ট সংসদীয় কমিটি শিক্ষামন্ত্রককে এই ইস্যুতে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। এরই পাশাপাশি তারা জানিয়েছে যে, এই ব্যাপারে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গেও শিক্ষামন্ত্রকের কথা বলা প্রয়োজন। সেইমতো জমির বন্দোবস্ত করে বিদ্যালয়গুলির জন্য নিজস্ব ভবন তৈরির কাজে দ্রুত হাত দেওয়া জরুরি। কারণ ২০২৫-২৬ আর্থিক বছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন