নয়াদিল্লি:
শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া একপ্রকার বিশ বাঁও জলে। যদিও এই
সংক্রান্ত বিষয়ে রেলমন্ত্রকের গালভরা আশ্বাস এবং ঘোষণার কোনও কমতি নেই।
তবে প্রতিশ্রুতির বন্যা যতই হোক না কেন, বাস্তব পরিস্থিতি অন্তত চমকে ওঠার
মতোই। কারণ লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী দিয়েই কাজ সামলাতে হচ্ছে
রেলকে। এই মুহূর্তে রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা প্রায় দু’লক্ষ।
সাম্প্রতিক একটি আরটিআইয়ের জবাবে এই চাঞ্চল্যকর পরিসংখ্যান প্রকাশ পেয়েছে।
স্বাভাবিক নিয়মেই এহেন খতিয়ানকে অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছে রেল
বিশেষজ্ঞ মহল। রেলমন্ত্রকে এই মুহূর্তে কতজন চুক্তিভিত্তিক কর্মচারী
রয়েছেন, তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) তার জবাব চেয়েছিলেন মধ্যপ্রদেশের
বাসিন্দা চন্দ্রশেখর গৌড়। তারই জবাবে গত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত
তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান প্রকাশ করেছে রেলমন্ত্রক।
ওই জবাবে বলা
হয়েছে যে, উল্লিখিত সময়সীমা পর্যন্ত রেলে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা
মোট ১ লক্ষ ৯১ হাজার ৩৭৮ জন। রেলের শ্রমিক কল্যাণ পোর্টাল থেকেই
সংশ্লিষ্ট খতিয়ান দিয়েছে মন্ত্রক। এমনই জানানো হয়েছে ওই আরটিআইয়ের জবাবে।
তবে রেলের কোন জোনে কত চুক্তিভিত্তিক কর্মী আছেন, চন্দ্রশেখর গৌড়ের এই
প্রশ্নের জবাব অবশ্য রেলমন্ত্রক দিতে পারেনি। এহেন আরটিআই জবাবকে কেন্দ্র
করে রীতিমতো চর্চা শুরু হয়েছে। বর্তমানে সারা দেশে রেল কর্মীর সংখ্যা
প্রায় ১৩ লক্ষ। এই প্রায় দু’লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারীকে ধরেই তা ১৩ লক্ষ
কি না, সেই প্রশ্নও উঠছে। যদিও সংশ্লিষ্ট আরটিআই জবাব থেকে তা স্পষ্ট নয়।
তথ্যাভিজ্ঞ মহলের মতে, এটি অন্তত পরিষ্কার যে, ভারতীয় রেলের স্থায়ী কর্মীর
সংখ্যা ক্রমশ কমছে।
উল্লিখিত আরটিআইয়ের জবাব নিয়ে রেলমন্ত্রক
সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। তবে মন্ত্রক সূত্রে লোকসভার একটি
সাম্প্রতিক লিখিত প্রশ্নোত্তরকে তুলে ধরা হয়েছে। সপার লোকসভা সাংসদ আনন্দ
ভাদৌরিয়ার রেলে শূন্যপদ সংক্রান্ত এক প্রশ্নের লিখিত জবাবে গত ২ এপ্রিল
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, ২০০৪-০৫ অর্থবর্ষ থেকে ২০১৩-১৪
আর্থিক বছরে, অর্থাৎ পূর্বতন কংগ্রেস আমলে ৪ লক্ষ ১১ হাজার কর্মী নিয়োগ
করেছিল ভারতীয় রেল। কিন্তু ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ আর্থিক বছর
পর্যন্ত, অর্থাৎ বর্তমান মোদি জমানায় ৫ লক্ষ ২ হাজার কর্মী রেলে নিয়োগ
করা হয়েছে। মজার ব্যাপার হল, রেলের শূন্যপদ নিয়েই সুনির্দিষ্ট প্রশ্ন
থাকলেও ওই লিখিত জবাবে তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন রেলমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন