বারাকপুর: ফের গোলমাল ও গুলি চালানোর অভিযোগ উঠল ভাটপাড়ায়। সোমবার সকালে দু’পক্ষের গণ্ডগোলের জেরে শোরগোল পড়ে যায় ভাটপাড়া পুরসভার জগদ্দল এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের সার্কাস মোড়ে। গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদ ওরফে ছোট্টু। এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও, শ্যুটআউটের অভিযোগ অস্বীকার করেছে জগদ্দল থানার পুলিস। তবে, যাঁর উপর হামলার হয়েছে, সেই অনুরাগ প্রসাদের মা পার্বতীদেবীর স্পষ্ট অভিযোগ, গুলি চালিয়েছেন মুন্না পাসওয়ান। তাঁর কথায়, রবিবার মুন্নার সঙ্গে অনুরাগের কথা কাটাকাটি হয়েছিল, মিটেও গিয়েছিল। এদিন সকাল আটটা সাড়ে আটটা নাগাদ অনুরাগ পাড়ায় বসে মোবাইল দেখছিল। তখন মুন্না পিছন দিক থেকে এসে প্রথমে ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। তারপর গুলি চালান। ভাগ্যের জোরে ছেলের গায়ে গুলি লাগেনি। ছেলেকে পুলিস থানায় ডেকে পাঠিয়েছে। অনুরাগ প্রসাদ এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। এনিয়ে বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি, তোলা তোলার জন্যই তৃণমূল নিজেদের মধ্যে লড়ছে। এদিনের ঘটনাও একই কারণে। শুধু ভাটপাড়া নয়, গোটা রাজ্যের একই অবস্থা। আর ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মনোজ পাণ্ডে বলেন, ব্যক্তিগত বিবাদ থেকে একটি গণ্ডগোল হয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিস তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে গুলি চলার কোনও প্রমাণ তদন্তকারীরা পাননি। অর্জুন সিং এখন শিল্পাঞ্চলে অপ্রাসঙ্গিক। তাই ভেসে থাকার জন্য এইসব মন্তব্য করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন