কলকাতা: টেলিকম সংস্থাগুলি যে মোবাইল পরিষেবা দেয়, তাতে অনেক সময়ই সন্তুষ্ট হন না গ্রাহক। সাধারণভাবে মোবাইলে যে দুটি পরিষেবা পাওয়া যায়, তা হল—কথা বলা এবং ডেটা। কথা বলার জন্য মূলত টু-জি স্পেকট্রাম ব্যবহৃত হলেও, ডেটার জন্য থ্রি-জি থেকে শুরু করে ফোর ও ফাইভ জি পর্যন্ত স্পেকট্রাম ব্যবহৃত হয়। গ্রাহকদের একাংশের অভিযোগ, ফোর এবং ফাইভ জি ডেটা পরিষেবা দেশের সর্বত্র নেই। কোনও সংস্থা যেমন সুষ্ঠুভাবে এখনও ফোর জি পরিষেবা চালুই করতে পারেনি, তেমনই যে সংস্থাগুলি ফাইভ জি পরিষেবা দেওয়ার দাবি করছে, তারাও সর্বত্র তা দিয়ে উঠতে পারেনি।
গ্রাহকদের বক্তব্য, কোন সংস্থা কোথায় কোথায় কী পরিষেবা দিচ্ছে, তা তাঁদের জানতে পারার কথা নয়। কারণ, সেই সংক্রান্ত তথ্য সবসময় খোলসা করে না সংস্থাগুলি। গ্রাহকদের বক্তব্য বিবেচনায় রেখেই নয়া নির্দেশিকা সামনে আনে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (ট্রাই)। এই টেলিকম নিয়ন্ত্রক সংস্থা জানায়, প্রতিটি মোবাইল পরিষেবা সংস্থাকে জানাতে হবে, তারা কোথায় কী পরিষেবা দিচ্ছে। অর্থাৎ টু থেকে ফাইভ জি পর্যন্ত কভারেজ কোথায় কোথায় রয়েছে, তা স্পষ্ট করে নিজেদের ওয়েবসাইটে জানাতে হবে তাদের। সাধারণ মানুষ সেখান থেকেই জানতে পারবেন কভারেজ এরিয়া। মোবাইল সংস্থা বাছাইয়ের আগে গ্রাহক সেইমতোই সিদ্ধান্ত নিতে পারবেন। ট্রাইয়ের নির্দেশ মেনে ইতিমধ্যেই একাধিক সংস্থা তাদের পরিষেবার কভারেজ এরিয়া প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন