কলকাতা: সপ্তাহের শেষে রাজ্যজুড়ে ফের ঝড়বৃষ্টি শুরু হবে। কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরম চলছে তার থেকে কিছুটা স্বস্তি মিলবে। শনিবারের পর আর তাপপ্রবাহ পরিস্থিতি কোথাও থাকবে না। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, আপাতত শনিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জেলায় থাকবে। তবে অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, তারপরেও কয়েকদিন ঝড়বৃষ্টি চলতে পারে। আগামী রবিবার বা তার পরে এক বা একাধিক দফায় কলকাতা ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় বুধবারের তুলনায় সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর গরম অব্যাহত ছিল। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় এবং মালদহে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা (৪১.৫ ডিগ্রি) ছিল কলাইকুন্ডা ও পুরুলিয়ায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হবে। বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করবে বায়ুমণ্ডলে। তাই শনিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে শুরু করবে। ওইদিন দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন