রাজ্যে সিবিএসই’র দ্বাদশে পাশের হার উচ্চ মাধ্যমিকের থেকেও কম - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৪ মে, ২০২৫

রাজ্যে সিবিএসই’র দ্বাদশে পাশের হার উচ্চ মাধ্যমিকের থেকেও কম

রাজ্যে সিবিএসই’র দ্বাদশে পাশের হার উচ্চ মাধ্যমিকের থেকেও কম

কলকাতা: সিবিএসই’র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশের হার উচ্চ মাধ্যমিকের থেকে কম। এ রাজ্য থেকে ৪৪ হাজার ৬৩১ জন পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ৩৯ হাজার ৭৯২ জন। পাশের হার ৮৯.১৬ শতাংশ। আর উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ। 


এই ফলাফলে শিক্ষামহল অবাক। উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা যে আর্থ সামাজিক পরিস্থিতি থেকে উঠে আসেন, তার থেকে সিবিএসই বোর্ডের ছাত্র-ছাত্রীদের অবস্থা তুলনামূলকভাবে ‘ভালো’ বলে ধরা হয়। সে কারণেই বিস্ময়। যদিও দশমের পরীক্ষায় পাশের হার (৯৪.৯৩ শতাংশ) অনেকটাই বেশি মাধ্যমিকের পাশের হারের (৮৬.৫১ শতাংশ) তুলনায়। এ বছর রাজ্য থেকে ৪৭ হাজার ৭১১ জন সিবিএসই দশমের পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে পাশ করেছে ৩৯ হাজার ৫৯৫ জন। দশম এবং দ্বাদশে ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার অনেকটাই বেশি। 
সিবিএসই সরকারিভাবে কোনও মেধাতালিকা বহু বছর ধরে প্রকাশ করে না। তবে রাজ্যের বেশ কিছু ছাত্র-ছাত্রীর রেজাল্ট বেশ তাক লাগানো। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ছ’জন ৯৯ শতাংশ বা তারও বেশি নম্বর পেয়েছেন। এ ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে ডিপিএস রুবি পার্ক। সেখানকার দশমের ছাত্র আইনেশ বন্দ্যোপাধ্যায় ৯৯.৬ শতাংশ নম্বর পেয়েছে। কল্যাণীর নারায়ণা স্কুলের তৃষা ঘোষও ৯৯.৬ শতাংশ পেয়েছে। বি ডি মেমোরিয়াল স্কুলের ছাত্র ঋতজিৎ অধিকারী পেয়েছে ৯৯.৪ শতাংশ।


দ্বাদশের পরীক্ষাতেও ডিপিএস রুবি পার্কের জয়জয়কার। সেখানকার বাণিজ্য বিভাগের দুই ছাত্র অর্ণব পোদ্দার এবং মিতাংশ আগরওয়াল ৯৯ শতাংশ নম্বর পেয়েছে। যদিও তাঁদের ছাপিয়ে গিয়েছেন সল্টলেকের ভবনস গাঙ্গুবক্স কানোরিয়া বিদ্যামন্দিরের ছাত্রী অপরাজিতা সাহা। হিউম্যানিটিজ থেকেও তিনি ৯৯.৪ শতাংশ নম্বর পেয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান প্রিয় বিষয় তাঁর। ইচ্ছে আছে রাজনৈতিক বিশেষজ্ঞ হিসেবে কলাম লেখার। এছাড়াও দ্বাদশে ভালো ফল হয়েছে সাউথ পয়েন্ট স্কুল (সেরা দীপিতা মজুমদার, ৯৮.৪০ শতাংশ), দমদম আদিত্য অ্যাকাডেমির (সেরা অক্ষর ঘোষ, ৯৭ শতাংশ) মতো প্রতিষ্ঠানে। সার্বিকভাবে এ বছর সিবিএসই’র দশমে পাশের হার ৯৩.৬৬ শতাংশ। এই হার পশ্চিমবঙ্গের তুলনায় কম। পরীক্ষায় বসেছিল ২৩ লক্ষ ৭১ হাজার ৯৩৯ জন। পাশের হারে শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম (৯৯.৭৯ শতাংশ)। এ রাজ্য রয়েছে ভুবনেশ্বর রিজিয়নে। সেটি রয়েছে দ্বাদশ স্থানে। সেখানে পাশের হার ৯২.৬৪ শতাংশ। দ্বাদশে পাশের হার ৮৮.৩৯ শতাংশ। পরীক্ষা দিয়েছিলেন ১৬ লক্ষ ৯২ হাজার ৭৯৪ জন। পাশের হারে শীর্ষে রয়েছে বিজয়ওয়াড়া রিজিয়ন (৯৯.৬০ শতাংশ)। ভুবনেশ্বর (৮৩.৬৪ শতাংশ) রয়েছে একাদশ স্থানে। দশম এবং দ্বাদশ দু’টি পরীক্ষাতেই গতবছরের তুলনায় পাশের হার বেড়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন