যুদ্ধের আবহে ধরমশালায় আজ দিল্লি-পাঞ্জাব দ্বৈরথ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

যুদ্ধের আবহে ধরমশালায় আজ দিল্লি-পাঞ্জাব দ্বৈরথ

যুদ্ধের আবহে ধরমশালায় আজ দিল্লি-পাঞ্জাব দ্বৈরথ

ধরমশালা: গতকাল দেখা গিয়েছিল ধরমশালায় পায়ে হেঁটে ঘুরছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আয়ার। সমর্থকদের আবদার মিটিয়ে সেলফিও তুলছেন। তবে চব্বিশ ঘণ্টার মধ্যে শৈলশহরের ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। নেপথ্যে ‘অপারেশন সিন্দুর’। উত্তর ভারতের একাধিক বিমানবন্দর আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধরমশালা বিমানবন্দরে ১১ মে ভোর ৫-৩০ পর্যন্ত কোনও বিমান ওঠা-নামা করবে না। রীতিমতো যুদ্ধপরিস্থিতি। এই আবহে বৃহস্পতিবার ধরমশালায় মুখোমুখি হচ্ছে প্লে-অফের দৌড়ে থাকা পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। ম্যাচ নিয়ে অনিশ্চিয়তা থাকলেও বিসিসিআই বা সরকারের পক্ষ থেকে কোনও নির্দেশ আসেনি। তাই খেলা হবে ধরে নিয়েই প্রস্তুতি সেরে রেখেছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফ্লাড লাইটে খেলা হলে নিরাপত্তার কোনও সমস্যা দেখা দেবে না তো? তাহলে কি ম্যাচ দিনের বেলায় হবে? হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ‘আমরা সব পরিস্থিতির জন্য তৈরি। বোর্ড বা সরকার যেমন নির্দেশ দেবে, তেমনই মেনে চলব।’ এই ম্যাচ জিতলে প্লে-অফ কার্যত নিশ্চিত করে ফেলবে প্রীতি জিন্টার দল। ১১টি খেলে তাদের ঝুলিতে ১৫ পয়েন্ট। সেখানে দিল্লি সমসংখ্যক ম্যাচ খেলে ১৩ পয়েন্ট পেয়েছে। ফলে লোকেশ রাহুল, অক্ষর প্যাটেলদের সামলে কার্যত অস্তিত্বের লড়াই।
পাঞ্জাবের ব্যাটিংয়ের বড় ভরসা প্রভসিমরন সিং। প্রতি ম্যাচেই তিনি দলকে ভরসা জোগাচ্ছেন। এছাড়া রয়েছেন প্রিয়াংশ আর্য, যিনি আবার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য পরিচিত। পাশাপাশি ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, জস ইংলিশ, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং এবং মার্কাস স্টোইনিসের উপস্থিতি পাঞ্জাবের ব্যাটিংকে অনেকটাই শক্তিশালী করেছে। বোলিংয়ে তাদের বড় ভরসা বাঁ হাতি পেসার অর্শদীপ সিং। এছাড়া মার্কো জানসেন, আজমাতুল্লাহ ওমরজাইকেও খেলানো হচ্ছে। স্পিন বিভাগে সেরা অস্ত্র যুজবেন্দ্র চাহাল। প্রয়োজনে হাত ঘোরাবেন স্টোইনিসও।
দিল্লি শেষ তিনটি ম্যাচের মধ্যে দু’টিতে হেরেছে। হায়দরাবাদের বিরুদ্ধে অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যাওয়া পেয়েছে স্রেফ এক পয়েন্ট। ফলে প্রবল চাপে তারা। আসলে গুরুত্বপূর্ণ সময়ে টপ অর্ডার ব্যাটাররা ফর্মে নেই। অভিষেক পোড়েল, ফাফ ডু’প্লেসি গত ম্যাচে ব্যর্থ। তাছাড়া ওপেনিং জুটিতে বার বার বদল ঘটিয়ে সমস্যা বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বরে নামা করুণ নায়ার ক্রমাগত হতাশ করছেন। লোকেশ রাহুলও ছন্দ হারিয়েছেন। অক্ষর প্যাটেলের উপর রয়েছে বাড়তি চাপ। তাই পাঞ্জাবকে হারাতে গেলে ব্যাটিংয়ের দুর্বলতা ঢাকতে হবে।
দিল্লির বোলিংকে ভরসা জোগাচ্ছেন মিচেল স্টার্ক, দুষ্মন্ত চামিরা ও স্পিনার কুলদীপ যাদব। গত ম্যাচে টি নটরাজনকে খেলানো হয়েছিল। আশা করা যায়, তিনি পাঞ্জাবের বিরুদ্ধেও খেলবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন