টবের মাটি খুঁড়ে মিলল চুরি যাওয়া সোনার হার - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

টবের মাটি খুঁড়ে মিলল চুরি যাওয়া সোনার হার



কলকাতা: ফুল গাছের টবে মাটি খুঁড়ে ১৫ গ্রাম ওজনের সোনার হার লুকিয়ে রাখা হয়েছিল! যাতে পুলিস বা বাড়ির মালিক, কেউই চুরি যাওয়া সোনার হারের হদিশ না পায়। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হল না! সোমবার সোনার হার চুরির অভিযোগে এক পরিচারিকাকে গ্রেপ্তার করল গরফা থানার পুলিস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের বাসিন্দা ধৃত পরিচারিকার নাম দুর্গা মণ্ডল। সোমবার তাকে যাদবপুর স্টেশন থেকে আটক করে গরফা থানা। 

গরফা থানার কে পি রায় লেনে শোভন বাউলের বাড়িতে তিন বছর ধরে পরিচারিকার কাজ করতেন ক্যানিংয়ের দুর্গা মণ্ডল। এতদিন তার আচরণে তেমন কোনও অস্বভাবিকত্ব লক্ষ করা যায়নি। গত সপ্তাহে শোভনবাবুর বাড়ি থেকে ১৫ গ্রামের একটি সোনার হার রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। অবশ্য প্রথমে বুঝতেই পারেননি চুরির বিষয়টি। মাত্র দিন তিনেক আগে শোভনবাবু এই হার চুরির বিষয়টি জানতে পারেন। 

এদিকে, হঠাৎ করে পরিচারিকা কাজে আসা বন্ধ করে দেয়। এতে শোভনবাবুর পরিবারের সন্দেহ গিয়ে পড়ে পরিচারিকার দিকেই। রবিবার ফোন করে পরিচারিকাকে ডেকে পাঠান শোভনবাবু। কিন্তু পরিচারিকা চুরিতে জড়িত থাকার কথা অস্বীকার করে। এরপর বাধ্য হয়েই শোভনবাবু স্থানীয় গরফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে সোমবার দুপুরে গরফা থানা ওই পরিচারিকাকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করে। 

জিজ্ঞাসাবাদে একটা সময় ভেঙে পড়ে দুর্গা। তারপরই তার বক্তব্যের সূত্র ধরে শোভনবাবুর বাড়ির ছাদে ফুলগাছের টবের মাটি খুঁড়ে চুরি যাওয়া সোনার হার উদ্ধার হয়। এরপরই দুর্গা মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিস। ধৃত পরিচারিকাকে আজ মঙ্গলবার দুপুরে আলিপুর আদালতে তোলার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন