জয়পুর: মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস তো অবশ্যই। কিন্তু বৃহস্পতিবারের লড়াই আরও বেশি করে যশপ্রীত বুমরাহর সঙ্গে বৈভব সূর্যবংশীর। এই দ্বৈরথ ঘিরে আগ্রহ ক্রমশ বাড়ছে ক্রিকেটমহলে। সোমবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ১৪ বছর বয়সি বৈভব নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ৩৮ বলে তার ১০১ রানের ইনিংস অঙ্কের হিসেবে এখনও প্লে-অফের আশা বাঁচিয়ে রেখেছে রাজস্থানের। তবে ১০ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া রয়্যালসের পক্ষে কাজটা খুব কঠিন।
মুম্বই অবশ্য রয়েছে স্বস্তিদায়ক
অবস্থানে। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল দুর্দান্তভাবেই
রয়েছে প্রথম চারে থাকার দৌড়ে। অথচ শুরুতে মোটেই ছন্দে ছিল না নীতা আম্বানির
ফ্র্যাঞ্চাইজি। ক্রমশ জমাট দেখাচ্ছে। গত পাঁচ ম্যাচে অপরাজিত তারা। এর
নেপথ্যে বড় অবদান রয়েছে বুমরাহর। রবিবার ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসের
বিরুদ্ধে চার উইকেট নেন তিনি। বুমরাহর ইকনমি রেটও নজরকাড়া, মাত্র ৭.৫০।
নতুন বল হাতে বুমবুমের সঙ্গে বৈভবের ডুয়েল সেজন্যই উপভোগ্য হতে চলেছে।
মুম্বইয়ের
বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট বলেই দিয়েছেন, ‘এর আগে ক্রিস গেইল, এবি
ডি’ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যানদের বল করেছি। তাই ১৪ বছরের কাউকে বল করব
ভেবে রোমাঞ্চিত। ও বেপরোয়া ব্যাট করে। ফর্মেও রয়েছে। দুর্দান্ত ইনিংস
খেলেছে গত ম্যাচে।’ রাজস্থান কোচ রাহুল দ্রাবিড়ও মুখ খুলেছেন বৈভবকে নিয়ে।
তাঁর মতে, ‘সামনের দিনগুলো ওর কাছে চ্যালেঞ্জের হতে চলেছে। কোনও
পরিস্থিতিতেই ঘাবড়ে যায় না। এত কম বয়সে এমন পরিণতবোধ দেখা যায় না। হাতে
রকমারি শটও রয়েছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ও আরও ভালো খেলবে, উন্নতি করবে।
এখনও গড়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বৈভব।’
রাজস্থান অবশ্য এই ম্যাচেও
পাচ্ছে না ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে। ব্যাটিংয়ে বৈভব ছাড়া তাদের ভরসা
যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, নীতীশ রানা, শিমরন হেটমায়ার। তুলনায় মুম্বইয়ের
ব্যাটিং অর্ডার বেশি শক্তিশালী। রোহিত শর্মা, সূর্যকুমার যাদব রানে
ফিরেছেন। রায়ান রিকেলটন, উইল জ্যাকস, তিলক ভার্মা, হার্দিকের উপস্থিতি
বাড়াচ্ছে গভীরতা। রোহিতদের থামাতে রাজস্থান তাকিয়ে মূলত জোফ্রা আর্চারের
দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন