দু’মাসের চেষ্টাতেও কর্মীদের ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে আনতে ব্যর্থ কেন্দ্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দু’মাসের চেষ্টাতেও কর্মীদের ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে আনতে ব্যর্থ কেন্দ্র



নয়াদিল্লি: বহু চেষ্টা করেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের নতুন পেনশন স্কিমের অধীনে আনতে পারছে না মোদি সরকার। কেন্দ্রের অন্দরে এখন প্রবল অস্বস্তি। সাড়ম্বরে ঘোষণা করা কেন্দ্রীয় কর্মীদের জন্য নতুন ইউনিফায়েড পেনশন স্কিম (ইউপিএস) একপ্রকার মুখ থুবড়ে পড়তে চলেছে। গত ১ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রকল্পে অন্তর্ভুক্তির সময়। সময়সীমা শেষ হবে আগামী ৩০ জুন। অর্থাৎ, হাতে রয়েছে আর ৩৯ দিন। মে মাসের ২০ তারিখ পর্যন্ত মাত্র হাজার দশেক কেন্দ্রীয় কর্মী এই নতুন পেনশন প্রকল্পে অন্তর্ভুক্ত হবে বলে আবেদন করেছে। কেন্দ্রের মোট কর্মচারির সংখ্যা ৪৮ লক্ষ। তার মধ্যে ৩০ লক্ষাধিকই এনপিএসের গ্রাহক। সেই প্রকল্প ছেড়ে মোদি সরকারের নতুন স্কিমে আকৃষ্ট হয়েছে মাত্র ১০ হাজার। ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে, কেন্দ্র যতই ঢাক পেটাক, কাঙ্ক্ষিত সাড়া মিলছে না।

মোদি সরকারের আহ্বান ছিল, ২০০৪ সাল থেকে চলা ন্যাশনাল পেনশন স্কিমের (এনপিএস) পরিবর্তে কেন্দ্রীয় কর্মীরা ইউপিএসে অন্তর্ভুক্ত হয়ে যাক। এই নয়া পেনশন স্কিম এনপিএসের তুলনায় অনেক ভালো। কারণ শেষ ১২ মাসের যে গড় মাসিক বেতন, তার ৫০ শতাংশ নিশ্চিতভাবে পেনশন পাওয়া যাবে ইউপিএসে। সেই নিশ্চয়তা এনপিএসে নেই। অবসরের পরও নিজেদের অর্থ আটকে থাকবে না। কিন্তু এতসব আহ্বান থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে, মোদি সরকারের পেনশন স্কিমে কেন্দ্রীয় কর্মীদের আগ্রহ নেই। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে যে, বুধবার ইনস্টিটিউট অব গভর্নমেন্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ইন্ডিয়ান সিভিল অ্যাকাউন্টস অফিসারদের এই নতুন পেনশন প্রকল্প সম্পর্কে বোঝানো হয়। তাদের বলা হয়, কেন্দ্রীয় সরকারি দপ্তরগুলিতে এই নতুন পেনশন প্রকল্পের সুফল নিয়ে ইতিবাচক প্রচার করতে হবে। সকলেই যাতে এই প্রকল্পে আগ্রহ বোধ করে। একটি সচেতনতা প্রচারও শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্প গ্রহণ করার জন্য কেন্দ্রীয় কর্মীদের কাছে প্রায় আবেদন নিবেদন করতে হচ্ছে, এটা নজিরবিহীন। প্রশ্ন হচ্ছে, অবসরের প্রাক্কালে প্রাপ্ত শেষ ১২ মাসের মূল বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়ার গ্যারান্টি পাওয়া সত্ত্বেও কেন ইউনিফায়েড পেনশন প্রকল্পে আগ্রহী নয় সরকারি কর্মচারিরা? সেটাই কেন্দ্রীয় সরকার বুঝতে পারছে না। কিন্তু যদি এই হারে অন্তর্ভুক্তি হয়, তাহলে নিশ্চিত যে ৩০ জুনের পর সামান্যসংখ্যক কেন্দ্রীয় কর্মী নিয়ে চালাতে হবে নতুন পেনশন স্কিম, যা হবে অনেক বড় বোঝা! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন