বসিরহাট সীমান্তে চালু হেল্পলাইন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১০ মে, ২০২৫

বসিরহাট সীমান্তে চালু হেল্পলাইন

 বসিরহাট সীমান্তে চালু হেল্পলাইন

 বারাসত: ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হতেই বসিরহাটে ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হল। পুলিস ও বিএসএফ যৌথভাবে এলাকায় বাড়তি নজরদারি শুরু করেছে। বসিরহাটের স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জের হেমনগর কোস্টাল থানা পর্যন্ত মোট ৯৪ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৫০ কিলোমিটার জল-সীমান্ত। স্থল-সীমান্ত ৪৪ কিলোমিটার। এই অংশ দিয়ে নজর এড়িয়ে কোনও দুষ্কৃতী যাতে ভারতে প্রবেশ করতে না পারে, তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর বিএসএফ এবং পুলিস সূত্রে। জল-সীমান্তে পুলিস বিশেষ পেট্রলিংয়ের ব্যবস্থা করেছে। রাতে আধুনিক ড্রোন ও নাইট ভিশন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। হেমনগর, স্বরূপনগর, হিঙ্গলগঞ্জ, ঘোজাডাঙাতে নজরদারি চলছে  উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরার মাধ্যমে।


বর্তমান পরিস্থিতিতে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। পুলিস সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক হয়েছে। মূলত, রাতে বাড়তি টহলদারি, সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি চলছে। ঘোজাডাঙার বাসিন্দা বাবলু সেনাপতি বলেন, ‘ক’দিন ধরে পুলিস ও বিএসএফের নজরদারি কয়েকগুণ বেড়ে গিয়েছে। অচেনা কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবরকম ব্যবস্থা নিয়েছি। সীমান্তরক্ষীদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। পুলিসের পক্ষ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। কারও চালচলনে অস্বাভাবিকতা বা অসঙ্গতি নজরে এলেই ফোন করবেন। তড়িঘড়ি ব্যবস্থা হবে। গোয়ান্দাদের সংখ্যাও বাড়ানো হয়েছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন