জঙ্গলমহলে নয়া হিন্দুত্ববাদী সংগঠনের আত্মপ্রকাশ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১০ মে, ২০২৫

জঙ্গলমহলে নয়া হিন্দুত্ববাদী সংগঠনের আত্মপ্রকাশ

জঙ্গলমহলে নয়া হিন্দুত্ববাদী সংগঠনের আত্মপ্রকাশ

ঝাড়গ্ৰাম: ‘জঙ্গলমহল হিন্দু সুরক্ষা বাহিনী’— ঝাড়গ্রাম জেলার নতুন সংগঠন। আভ্যন্তরীণ সুরক্ষা ও জাতীয়তাবাদী ভাবনার প্রসারে জেলাজুড়ে কাজ করবে এই সংগঠন। ভারত-পাক যুদ্ধের আবহে সংগঠনের কাজকর্মের তৎপরতা বেড়েছে। নতুন এই হিন্দুত্ববাদী সংগঠনটি নিয়ে ঝাড়গ্রামে কৌতূহল তৈরি হয়েছে। সূত্রের খবর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের উদ্যোগে সংগঠনটি গড়ে উঠেছে। জঙ্গলমহলে  সঙ্ঘের ১২টি শাখা ইতিমধ্যেই কাজ সক্রিয়। ঝাড়গ্রামে সঙ্ঘের দশটি ‘খণ্ড’ ৭৯টি ‘মণ্ডল’ ও একটি ‘নগর’ শাখা রয়েছে। জেলায় সংঘের ১৪টি শাখা হিন্দুত্ব ভাবনার প্রসারে কাজ করছে। 


সংগঠনের তরফে বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল ও দেশের নিরাপত্তার স্বার্থে সমস্ত হিন্দুদের একত্রিত করাই তাদের  প্রধান লক্ষ্য। সূত্রের খবর, সঙ্ঘের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীদের এই সংগঠনে যুক্ত করা হয়েছে। সঙ্ঘ ও বিজেপির প্রথম সারির নেতাদের সংগঠনে রাখা হয়নি। এই সংগঠন হিন্দুদের স্বার্থ রক্ষার্থে ও জাতীয়তাবাদী ভাবাধারার প্রচার চালাবেন। দেশে যুদ্ধের আবহ তৈরি হতেই সংগঠনের কাজকর্মের গতি বাড়ানো হয়েছে। সেনাবাহিনীর পদক্ষেপে ইতিমধ্যেই হিন্দু শৌর্য পদযাত্রার আয়োজন করা হয়েছে। পথে নেমে মিষ্টি বিলিও করা হয়েছে। জঙ্গলমহলে হিন্দু সুরক্ষা বাহিনীর অন্যতম আহ্বায়ক বাপ্পা বসাক বলেন, সদ্য গঠিত সংগঠনের প্রধান লক্ষ্য, হিন্দুদের সংগঠিত করা। সন্ত্রাসবাদ প্রতিহত করতে সকলকে এগিয়ে আসতে হবে। জেলায় রোহিঙ্গাদের ঢোকানো হচ্ছে কি না, তাও দেখা হবে। 

সকলস্তরের মানুষ ও রাজনৈতিক দলের সদস্যরা এই সংগঠনে যোগ দিতে পারবেন। সঙ্ঘ প্রচারক বিপ্লব রায়কে প্রশ্ন করা হয়, সঙ্ঘের উদ্যোগে ‘জঙ্গলমহল হিন্দু সুরক্ষা বাহিনী’ গড়ে তোলা হয়েছে কি না। তিনি বিষয়টি নিয়ে বক্তব্য রাখতে চাননি।জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসূন ষড়ঙ্গি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের দল সবসময় সোচ্চার। বর্তমান সময়ে আমাদের সংযম বজায় রাখতে হবে। সকলের উন্নয়ন, সকলের সুরক্ষাই আমাদের প্রধান লক্ষ্য। রাজনৈতিক স্বার্থে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হলে মানুষকে নিয়ে তার মোকাবিলা করা হবে। সিপিএমের ঝাড়গ্রাম জেলা সম্পাদক প্রদীপ সরকার বলেন, আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে দেখি না। এই সংগঠন মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে। সমাজ স্তরে আরও বিভেদের সৃষ্টি হবে। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিশেষ কোনও সম্প্রদায়ের নামে আন্দোলনের পক্ষপাতী নই। ঝাড়গ্রাম বিজেপির কনভেনর প্রশান্ত মজুমদার বলেন, বিজেপির সঙ্গে সংগঠনটির কোনও যোগ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন