পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগ: আগামীকাল প্রকাশিত হতে চলেছে মাধ্যামিকের ফলাফল। পুরুলিয়া, বাঁকুড়া ও আরামবাগের প্রায় এক লক্ষের বেশি পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ। এ বছর মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ।
পুরুলিয়া জেলায় এ বার মোট মাধ্যমিক
পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ১৬৪ জন। এরমধ্যে ছাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে
বেশি। এবছর মোট ছাত্র ছিল ২০ হাজার ১৬০ জন এবং ছাত্রী ছিল ২৩ হাজার চার জন।
পর্ষদের তরফে সকাল ৯টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফল
ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইট ছাড়াও
পরীক্ষার্থীরা বেশ কিছু মোবাইল অ্যাপ মারফতও তাদের ফলাফল জেনে নিতে পারবে।
এর পর পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে সকাল ১০টা থেকে
পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে।
অন্যদিকে, এবার
বাঁকুড়ায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৮৪৭৬। তার মধ্যে ২১৯৪৫ জন ছাত্র ও
২৬৫৩১ জন ছাত্রী ছিল। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ১১৫টি। গতবারের
তুলনায় এবার জেলায় পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ২৩৯৩ জন। বাঁকুড়া জেলা
বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) পীযুষকান্তি বেরা বলেন, শুক্রবার জেলার তিন
মহকুমার তিনটি বিদ্যালয় থেকে স্কুলগুলির প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের
মার্কশিট তুলে দেয়া হবে। বাঁকুড়া সদর, বিষ্ণুপুর ও খাতড়া মহকুমায়
যথাক্রমে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় ও কংসাবতী
শিশু বিদ্যালয় থেকে মার্কশিট বিলি করা হবে। পর্ষদ নির্দেশিত সময়ে তা বন্টন
করা হবে।
আরামবাগ মহকুমায় এবার পরীক্ষা দেয় ১৩ হাজার ৩৮১ জন। ভালো
ফলাফলের পাশাপাশি রাজ্যের মেধা তালিকাতেও মহকুমার পরীক্ষার্থীরা থাকতে পারে
বলে মনে করছেন আরামবাগবাসী। পরীক্ষার ফল নিয়ে তাই পড়ুয়াদের মধ্যে উৎসাহ
রয়েছে। একইসঙ্গে টেনশনও রয়েছে। ওইদিনই সকালে ওয়েবসাইট থেকে ফল দেখা যাবে।
পরে স্কুল থেকে মার্কশিটও পাওয়া যাবে। আরামবাগ গার্লস হাই স্কুলের প্রধান
শিক্ষিকা রাজর্ষি দে বলেন, বিগত কয়েক বছর আগে আমাদের স্কুলের ছাত্রী মেধা
তালিকায় স্থান পেয়েছিল। এবার আমরা আশা রাখছি সেই মানের ফলাফল হবে। আরামবাগ
হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, প্রত্যেকেই ভালো ফলাফল
হবে বলে আশাবাদী। তবে কারও যদি কাঙ্খিত ফল না হয় তাহলেও ভেঙে পড়ার কিছু
নেই। এরপর উচ্চ মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষাগুলিতে সাফল্য আসতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন