কলকাতা: ২০২৪-২৫ অর্থবর্ষে ব্যাঙ্ক অব বরোদার নিট মুনাফার অঙ্ক দাঁড়াল ১৯ হাজার ৫৮১ কোটি টাকা। আগের অর্থবর্ষের তুলনায় মুনাফা বৃদ্ধির হার ১০.১ শতাংশ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি জানিয়েছে, বিপুল মুনাফা বৃদ্ধির কারণ হিসেবে কাজ করেছে সুদ ছাড়া অন্যান্য খাতে আয়। গত অর্থবর্ষে তা ছিল ১৬ হাজার ৬৪৭ কোটি টাকা। এক বছরে এই আয় বৃদ্ধির হার ১৪.৮ শতাংশ। ব্যাঙ্কের সুদ আদায় বাবদ নিট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ৬৫৯ কোটি টাকা। ব্যাঙ্ক অব বরোদা জানিয়েছে, তাদের মোট ব্যবসার পরিমাণ ২৭ লক্ষ কোটি টাকার সীমা পেরিয়ে গিয়েছে গত অর্থবর্ষ শেষে। ব্যাঙ্ক তার মোট অনুৎপাদক সম্পদের অনুপাত ২.২৬ শতাংশে নামিয়ে আনতে পেরেছে। তা গত অর্থবর্ষে ০.৬৬ শতাংশ কমানো সম্ভব হয়েছে। ০.১০ শতাংশ কমেছে নিট অনুৎপাদক সম্পদের হারও। ব্যাঙ্ক দেশীয় বাজারে মোট ঋণ প্রদানের হার এক বছর আগের তুলনায় ১৩.৭ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে। ভারতে তাদের মোট ঋণ প্রদানের অঙ্ক ১০ লক্ষ ২১ হাজার ১১২ কোটি টাকা। সেই সঙ্গে বেড়েছে আমানত গ্রহণের হারও। তা এক বছর আগের তুলনায় ৯.৩ শতাংশ বেড়ে ১২ লক্ষ ৪২ হাজার ১৬৯ কোটি টাকায় পৌঁছেছে ২০২৪-২৫ অর্থবর্ষ শেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন