পানাজি: ‘স্বাধীনতার পর থেকেই ভারতের বিরুদ্ধে জঙ্গিদের দিয়ে ‘ভয়ঙ্কর খেলা’ খেলছে পাকিস্তান। কিন্তু তাঁদের বুঝতে হবে সেই দিন ফুরিয়েছে। এবারের ‘অপারেশন সিন্দুর’-এ যদি ভারতীয় নৌসেনাও যোগ দিত, তাহলে পাকিস্তান চার টুকরো হয়ে যেত।’ শুক্রবার এমনই ভাষায় ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
পহেলগাঁও কাণ্ডের পর থেকেই নতুন করে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়ছে। সন্ত্রাসবাদকে মদত দেওয়ার প্রত্যাঘাতে ভারতের ‘অপারেশন সিন্দুর’ পাকিস্তানের মেরুদণ্ডে হিমশীতল স্রোত বইয়ে দিয়েছে। সেই আবহেই ফের পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ সিং। শুক্রবার গোয়ায় দেশীয় প্রযুক্তিতে তৈরি নৌবহর ‘আইএনএস বিক্রান্ত’-এ নৌসেনা আধিকারিকদের সঙ্গে দেখা করেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বক্তব্য রাখার সময় ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রসঙ্গও উত্থাপন করেন তিনি।
প্রতিবেশী রাষ্ট্রকে অতীতের স্মৃতি মনে করিয়ে দিয়ে রাজনাথ বলেন, ‘১৯৭১ সালে ভারতীয় নৌসেনা ময়দানে নামার পরেই পাকিস্তান দু’টুকরো হয়ে গিয়েছিল। যদি ‘অপারেশন সিঁদুর’-এর সময়েও নৌসেনা ময়দানে নামত, তাহলে আমার ধারণা পাকিস্তান চার টুকরো হতে পারত।’ ‘অপারেশন সিন্দুর’ শুধুমাত্র জঙ্গিদের নয়, তাঁদের মদতদাতাদেরও সুস্পষ্ট বার্তা দিয়েছে বলে জানিয়েছেন রাজনাথ। এদিনও হাফিজ সইদ ও মাসুদ আজহারকে প্রত্যর্পণের দাবি জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন