বেঙ্গালুরু: দুই ম্যাচ বাকি থাকতেই আইপিএলের প্লে-অফে উঠে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখন তাদের লক্ষ্য প্রথম দু’টি দলের মধ্যে থাকা। শুক্রবার লখনউয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে সেই তাগিদই সঙ্গী হবে রজত পাতিদারদের। এমনিতে রীতিমতো ফুরফুরে মেজাজে রয়েছে আরসিবি শিবির। প্রবল বৃষ্টিতে প্র্যাকটিস বাতিল হওয়ায় বিরাট কোহলি যেমন স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে ইনডোরে পিকলবল খেললেন, যা অনেকটা টেনিসের মতোই। ‘বিরুষ্কা’ জুটির হাসি-ঠাট্টার সেই ফ্রেমগুলোই উঠে এসেছে আরসিবি ফ্র্যাঞ্চাইজির পোস্টে। সঙ্গে সঙ্গে তা হয়ে ওঠে ভাইরাল।
কিছুদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোহলি। তা নিয়ে সরগরম ক্রিকেট মহল। তাঁর এমন তড়িঘড়ি সিদ্ধান্ত ভক্তরা মানতে পারছেন না। অনেকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তাঁকে। কিন্তু ভিকে তা নিয়ে ভাবছেন না একেবারেই। অধরা আইপিএল জেতাই তাঁর টার্গেট। তবে প্রত্যাশা পূরণের চাপ ধরা পড়ছে না শরীরী ভাষায়।
পোস্ট হওয়া ছবিতে দেখা যাচ্ছে, স্ত্রী অনুষ্কার সঙ্গে তিনি হাত মেলাচ্ছেন প্রবল উচ্ছ্বাসে। সাধারণত কোনও পয়েন্ট পেলে বা ম্যাচ জিতলেই এমনটা করতে দেখা যায় খেলোয়াড়দের। অবশ্য পিকলবল খেলায় অংশ নিয়েছিলেন অন্যরাও। মেন্টর দীনেশ কার্তিক যেমন স্কোয়াশ চ্যাম্পিয়ন স্ত্রী দীপিকা পাল্লিকালের সঙ্গে জুটি বেঁধে খেলেন। ফিল সল্ট, রোমারিও শেফার্ডরাও অংশ নেন বন্ধুত্বপূর্ণ আবহে। তবে বিরাট-অনুষ্কার রসায়নই নজর কেড়েছে নেটদুনিয়ার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন