বুধবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ ধোনির সিএসকে, স্বপ্ন উস্কে দেওয়া রাসেলে আপ্লুত শাহরুখ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বুধবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ ধোনির সিএসকে, স্বপ্ন উস্কে দেওয়া রাসেলে আপ্লুত শাহরুখ

বুধবার ইডেনে কেকেআরের প্রতিপক্ষ ধোনির সিএসকে, স্বপ্ন উস্কে দেওয়া রাসেলে আপ্লুত শাহরুখ

কলকাতা: নিজের হাতে দিনের নায়ককে কেক খাওয়ানোর সময় কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের চোখেমুখে হাজার ওয়াটের আলো। অভিব্যক্তিতে তৃপ্তির চেয়েও ঢের বেশি স্বস্তির প্রতিচ্ছবি। সৌজন্যে কমতি নেই ক্যারিবিয়ান তারকারও। দু’হাত বুকের কাছে জড়ো করে বিগলিত সুরে বললেন, ‘থ্যাঙ্ক ইউ স্যার!’ পাশ থেকে প্লেটে কেক তুলে ডোয়েন ব্র্যাভো হাসিমুখে যোগ করলেন, ‘নো স্ম্যাশিং, ইটিং।’ অর্থাৎ, মুখে মাখানো নয়, কেকটা খাওয়ার জন্যই।


রাজস্থান রয়্যালসকে নাটকীয়ভাবে শেষ বলে ১ রানে হারানোর পর এমনই ফুরফুরে আবহ নাইট শিবিরে। প্লে-অফের স্বপ্ন এখনও বেঁচে। অবশ্য তার জন্য বাকি তিনটি ম্যাচ জিততে হবে। সেই লক্ষ্যে বুধবার চেন্নাই সুপার কিংস ম্যাচ প্রথম হার্ডল। ঘরের মাঠে যা কেকেআরের শেষ লিগ ম্যাচ। ইডেনে সোমবারই প্রস্তুতিতে নেমে পড়ল হলুদ জার্সিধারীরা। যতই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাক, মহেন্দ্র সিং ধোনি নামের জাদুই এই ম্যাচের আকর্ষণ। ক্যাপ্টেন কুলকে টেক্কা দিতে প্রস্তুত নাইটরা। রবিবার রাসেলের বিস্ফোরক ইনিংসই পাল্টে দিয়েছে আবহ। রীতিমতো তোপের মুখে ছিলেন ক্যারিবিয়ান তারকা। রান আসছিল না। স্পিনের বিরুদ্ধে নড়বড়ে লাগছিল। বল হাতে বিক্ষিপ্তভাবে উইকেট নিলেও আগের নির্ভরতা ছিল না। রয়্যালসের বিরুদ্ধে সেই ‘দ্রে রাস’ পাঁচ নম্বরে নেমে যেভাবে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেছেন, তাতে পুরনো দিনের ঝিলিক। এমন বিধ্বংসী মেজাজেই তাঁকে দেখতে চান সমর্থকরা। আর প্লে-অফের আশা টিকিয়ে রাখতে গেলে বাকি ম্যাচগুলিতে রাসেলকেই এমন হবে ফর্ম মেলে ধরতে হবে। 


সাধারণত, দল জিতলে প্রতিবারই মেসেজ পাঠান শাহরুখ খান। এবারও অন্যথা হয়নি। নিউ ইয়র্কে ভোরবেলা খেলা দেখে পাঠিয়েছেন মেসেজ। রাসেলকে উদ্দেশ্য করে কিং খান লিখেছেন, ‘তুমি কিংবদন্তি। তোমায় ফর্মে ফিরতে দেখে খুব ভালো লাগছে।’ সেই সঙ্গে যোগ করেছেন, ‘এই বয়সে এমন ম্যাচের ধকল নেওয়া কঠিন। শেষ দু’ওভার তো পাগল হয়ে গিয়েছিলাম!’ নাম ধরে ধরে প্রত্যেক ক্রিকেটারের অবদান তুলে ধরাই শাহরুখের স্টাইল। এবারের মেসেজেও তা রয়েছে। ‘জেনারেশন বোল্ড’ হিসেবে চিহ্নিত হওয়া রিঙ্কু সিংকে পছন্দ করেন তিনি। লিখেছেন, ‘রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু। তুমি ঈশ্বরের পরিকল্পনা, এই দলটার শক্তি। আরও এগিয়ে চল।’ বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, হর্ষিত রানা, বৈভব অরোরা, অঙ্গকৃষ রঘুবংশী, ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে— সবার প্রশংসাই করেছেন শাহরুখ। কিন্তু একজনের নাম নেই মেসেজের কোথাও। তিনি হলেন বেঙ্কটেশ আয়ার।


আর সেজন্যই চলছে জল্পনা। নিলামে ২৩.৭৫ কোটি টাকায় নেওয়া বাঁ-হাতি ব্যাটার ডাহা ব্যর্থ। সহ-অধিনায়ক হওয়া সত্ত্বেও কোটলায় দিল্লি ক্যাপিটালস ম্যাচে তাঁকে বসিয়ে নামানো হয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’। আর রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে তাঁকে পিছনে ঠেলে নামানো হয় রাসেল-রিঙ্কুকে। বেঙ্কটেশ সম্পর্কে যে মোহভঙ্গ হয়েছে নাইট ম্যানেজমেন্টের, তা স্পষ্টই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন