শ্রীনগর: পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের খুন করেও চুপ করে বসে নেই জঙ্গিরা। সূত্রের খবর, এবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন কারাগারে হামলা চালাতে পারে সন্দেহভাজন জঙ্গিরা। সেই কারণেই উপত্যকার প্রায় সবকটি কারাগারের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। সূত্রের খবর, জঙ্গিদের তালিকায় রয়েছে শ্রীনগর সেন্ট্রাল জেল ও জম্মুর কোট বালওয়াল জেল। এই কারাগার গুলিতে বন্দি রয়েছে কুখ্যাত জঙ্গি থেকে শুরু করে স্লিপার সেলরা। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভারতে একাধিক নাশকতামূলক কাজে যুক্ত থাকার।
গোয়েন্দাদের আশঙ্কা, এই কারাগারগুলিতে হামলা চালিয়ে ওই কুখ্যাত জঙ্গিদের মুক্ত করার ছক রয়েছে। তারপরে সেই জঙ্গিদের সীমান্ত টপকে পাকিস্তানে নিয়ে যাওয়ার প্ল্যানও রয়েছে। যাতে ভারতের প্রশাসনের তরফে আর ওই জঙ্গিদের গ্রেপ্তার করা সম্ভব না হয়। পহেলগাঁওতে হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবার সংগঠন টিআরএফ। সেই সংগঠনের তরফে হামলা চালানো জঙ্গিরা এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরপাত্তা বাহিনী ও পুলিস। পহেলগাঁও হামলার তদন্ত শুরু করেছে এনআইএ। এই হামলার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তাদের জেরা করেই জঙ্গিদের কারাগারে হামলার ছকের কথা জানতে পারেন তাঁরা। তারপরেই উপত্যকার কারাগারগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। জম্মু ও কাশ্মীরের কারাগারগুলির নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ। নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে গতকাল, রবিবার শ্রীনগরে উচ্চপর্যায়ের বৈঠকও করেন সিআইএসএফের ডিজি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন