মুম্বই: ব্যাট হাতে আগুনে ফর্মে
রয়েছেন শুভমান গিল। শুক্রবার অধিনায়কের ব্যাটে ভর করেই হায়দরাবাদের
বিরুদ্ধে জয়ের ভিত গড়েছিল গুজরাত টাইটান্স। তাঁর ৩৮ বলে ৭৬ রানেই
আত্মবিশ্বাস ভেঙে যায় প্যাট কামিন্সদের। ইতিমধ্যে ১০ ম্যাচে ৪৬৫ রান করে
ফেলেছেন গিল। ম্যাচ শেষে গুজরাতের তারকা স্পিনার রশিদ খান ভূয়সী প্রশংসা
করেছেন অধিনায়কের। তিনি বলেন, ‘শুধু ব্যাটসম্যান হিসেবে নয়, নেতা হিসেবেও
অনেক পরিণত শুভমান। ও ভারতীয় দলের সম্পদ। সবচেয়ে বড় কথা, কোচ আশিস নেহেরার
সঙ্গে ওর সম্পর্ক দারুণ। কোচ যা বলেন, তা যথাযথভাবে পালন করে। সত্যি বলতে
কী, দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে গিল। দলের উন্নতির বড় কারণ সেটাই।’
গত
মরশুমে অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর গুছিয়ে উঠতে কিছুটা সময় নিয়েছিলেন
গিল। তবে এবার দুরন্ত ফর্মে তিনি এবং তাঁর দল। লিগ টেবিলে তৃতীয় স্থানে
রয়েছে গুজরাত টাইটান্স। তাদের উপরে রয়েছে মুম্বই ও বেঙ্গালুরু। রোহিত
শর্মাদের বিরুদ্ধে একটা ম্যাচ বাকি আছে গুজরাতের। সেটাই এখন পাখির চোখ
গিলদের। শুক্রবার হায়দরাবাদ-বধের পর তাঁর মন্তব্য, ‘আমরা উইকেটের অবস্থা
অনুয়ায়ী খেলার চেষ্টা করেছি। এই জয় দলগত সাফল্য। সকলেই ১১০ শতাংশ উজাড় করে
দিয়েছে। লিগ পর্বের বাকি ম্যাচগুলিতেও এই ছন্দ ধরে রাখতে হবে। আত্মতুষ্টির
কোনও জায়গা নেই।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন