স্টলে এসে চা কিনেছেন মমতা, আপ্লুত ‘চা কন্যা’ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

স্টলে এসে চা কিনেছেন মমতা, আপ্লুত ‘চা কন্যা’



জলপাইগুড়ি: স্বপ্নপূরণ! সেইসঙ্গে উত্তরণের পথে একধাপ এগিয়ে যাওয়া। স্টলে এসে চা কিনেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোর কাটাতে পারছেন না উত্তরবঙ্গের ‘চা কন্যা’ শ্যামশ্রী রায় কর্মকার। বললেন, আন্তর্জাতিক চা দিবসে এটাই আমার বড় পাওনা। সেইসঙ্গে আরও ভালো লাগার কারণ, এবার ডুয়ার্স চায়ের দেড়শো বছর। আর আমার টার্গেট হল, ডুয়ার্সের চায়ের পরিচিতি বাড়ানো। মুখ্যমন্ত্রীকে নিজের ব্লেন্ড করা চায়ের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর তৈরি করা ডুয়ার্স চা দিতে পেরেছি, এটাই সবচেয়ে আনন্দের।

জলপাইগুড়ির ধাপগঞ্জের বাসিন্দা শ্যামশ্রী। ঘরকন্না সামলে ডুয়ার্সের চাকে তুলে ধরার উদ্যোগ শুরু করেছিলেন বছর তিনেক আগে। এখন জেলায় বেশ পরিচিত মুখ। গত মঙ্গলবার ফুলবাড়িতে সরকারি পরিষেবা প্রদান সভা শেষে মুখ্যমন্ত্রী তাঁর স্টলের সামনে দাঁড়ান। তারপর চা কেনেন তিনি। শ্যামশ্রীর কথায়, নিজের তৈরি করা ব্লেন্ডের চা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব, এটা স্বপ্ন ছিল। সেই স্বপ্ন যে এভাবে সত্যি হবে, ভাবিনি। তিনি বলেন, দিদি ফিমেল টি কিনেছেন। সঙ্গে কিছুটা গ্রিন টি কিনেছেন। সেটিও অবশ্যই জলপাইগুড়ির ক্ষুদ্র বাগানের। স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদন করা চা।  

ডুয়ার্স চায়ের দেড়শো বছর উপলক্ষ্যে শ্যামশ্রীর উপহার ‘ওয়াইন টি’। ভাবছেন ওয়াইনের সঙ্গে আবার চায়ের কি সম্পর্ক? চা কন্যার দাবি, সম্পর্ক আছে। তবে সেটা পরখ না করে দেখলে বোঝা মুশকিল! কী আছে ওয়াইন টি’তে? শ্যামশ্রীর দাবি, চায়ের সঙ্গে এতে রয়েছে রোজমেরি, রোসেল, মৌরি, গোলাপ, স্টিভিয়া ও মিন্ট। তবে হট টি হিসেবে নয়, আইস টি হিসেবেই খেতে বেশি ভালো লাগবে এটি। একেবারে রেড ওয়াইনের মতো হবে চায়ের রং।

এককথায়, নিজের জেলার চায়ের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে প্রাচ্য ও পাশ্চাত্যের যুগলবন্দিতে মেতেছেন উত্তরের এই চা কন্যা। চা নিয়ে নিরন্তর গবেষণা চলছে তাঁর। ব্ল্যাক টি’র সঙ্গে ওয়াইনের ফ্লেভার যোগ করার পাশাপাশি কাজু, কিসমিস দিয়েও চায়ের নয়া ব্লেন্ড তৈরি করেছেন। ফুল, ফল ও ভেষজ দিয়ে চা তৈরির পাশাপাশি ফিউশন টি’র দিকেও ঝুঁকেছেন। তাঁর কথায়, দার্জিলিং কিংবা অসম চায়ের নিজস্ব পরিচিতি থাকলেও ডুয়ার্স চা এখনও সেভাবে ব্রান্ড তৈরি করতে পারেনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাই নতুন মোড়কে ডুয়ার্স চা’কে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। শ্যামশ্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সাধারণ সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন