নয়াদিল্লি: বুধবার ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে পহেলগাঁও জঙ্গি হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ন’টি জঙ্গি ঘাঁটি। প্রত্যাঘাত এখনও জারি রয়েছে। এরইমধ্যে বড়সড় বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার স্পষ্ট জানিয়ে দিলেন, সামরিক হামলা চললেই কড়া জবাব দেবে ভারত। ওয়াকিবহাল মহলের মতে, নাম না করে জয়শঙ্কর ইসলামাবাদকেই হুঁশিয়ারি দিয়েছেন জয়শঙ্কর।
যুদ্ধের আবহে ভারত সফরে এসেছেন ইরানের
বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠক করেন জয়শঙ্কর।
সেখানেই তিনি বলেন, ‘পহেলগাঁওয়ের নারকীয় ঘটনা আমাদের ৭ মে সীমান্ত পেরিয়ে
জঙ্গি পরিকাঠামো ধ্বংস করতে বাধ্য করেছে। আমাদের জবাব অত্যন্ত সুনির্দিষ্ট
ছিল। পরিস্থিতি আরও উত্তপ্ত করার কোনও ইচ্ছা আমাদের নেই। তবে কেউ আমাদের
উপর সামরিক হামলা চালালে নির্দ্বিধায় তার কড়া জবাব দেওয়া হবে।’ একইসঙ্গে
প্রতিবেশী দেশ হিসেবে ইরানকে সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে অবগত থাকার আর্জিও
জানান ভারতীয় বিদেশমন্ত্রী।
এরইমধ্যে এদিন অঘোষিত সফরে নয়াদিল্লিতে আসেন সৌদি আরবের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী এডেল আলজুবেইর। বৈঠক করেন জয়শঙ্করের সঙ্গে। পরে এক্স হ্যান্ডলে জয়শঙ্কর জানান, আলজুবেইরের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের কড়া অবস্থানের কথা আমরা স্পষ্টভাবে তুলে ধরেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন