তিনি মা। এটাই তাঁর অন্যতম প্রধান পরিচয় বলে মনে করেন আলিয়া ভাট। সদ্য পেরিয়ে গেল আন্তর্জাতিক মাতৃদিবস। মা সোনি রাজদান হোক বা কন্যা রাহা— কাউকে নিয়েই সেদিন সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করেননি নায়িকা। বরং নিজের অনুভূতি প্রকাশের জন্য কিছুটা সময় নিলেন তিনি। ভারত-পাক উত্তেজনার আবহে সকল গর্ভধারিণীর জয়গান গাইলেন অভিনেত্রী। মঙ্গলবার থেকে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। এ বছরই ঐতিহ্যবাহী এই মঞ্চে পা রাখবেন নায়িকা। সঙ্গে থাকবেন ঐশ্বর্য রাই বচ্চন, জাহ্নবী কাপুরও। সেই অনুষ্ঠানের আগে মাতৃত্ব নিয়ে নিজের ভাবনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন আলিয়া। অপারেশন সিন্দুরের পর দেশের সেনাবাহিনীর বীরত্বের প্রশংসায় পঞ্চমুখ সকলে। এই আবহে আলিয়া কলম ধরলেন বীর সন্তানদের মাকে নিয়ে। নায়িকা লিখেছেন, ‘এই প্রত্যেক বীর সন্তানের উর্দির নেপথ্যে একেকজন রাত জাগা মা রয়েছেন।’ রত্নগর্ভাদের কথা ভেবে আলিয়া নিজেও দু’চোখের পাতা এক করতে পারছেন না। উত্তপ্ত পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন