নয়াদিল্লি: পহেলগাঁওতে পর্যটকদের
উপর হামলার পর সিন্ধু জল চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করে ভারত। তার
পাল্টা হিসেবে নিজেদের আকাশপথ ভারতের জন্য বন্ধ করে দেয় ইসলামাবাদ। কিন্তু
দেখা যাচ্ছে, তাতে ভারতের থেকে অনেক বেশি ক্ষতি হচ্ছে পাকিস্তানেরই। ভারতের
বিমান সংস্থাগুলি পাকিস্তানের আকাশ এড়িয়ে চলার ফলে প্রতিদিন কয়েক লক্ষ
ডলারের রাজস্ব হারাচ্ছে ইসলামাবাদ। যাকে বলা হয় ‘ওভারফ্লাইট ফি’। অনেকেই
বলছেন, আকাশপথ বন্ধ করে নিজেদের পায়েই কুড়ুল মেরেছে পাক সরকার। এক্স
হ্যান্ডলে নরেন মেনন নামে এক ব্যক্তি লিখেছেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান
পরিবহণের দেশ থেকে পাকিস্তান ‘ওভারফ্লাইট ফি’ থেকে বঞ্চিত হচ্ছে। যার
পরিমাণ বছরে অন্তত ১০ কোটি ডলার। মানবসভ্যতার ইতিহাসে এমন বোকামো আর কখনও
দেখা যায়নি।’
অন্য দেশের আকাশপথ ব্যবহারের জন্য বিমান সংস্থাগুলিকে
নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয়। ভারত থেকে যে সব বিমান ইউরোপ, উত্তর
আমেরিকা ও আরব দুনিয়ার দেশগুলিতে যায়, সাধারণ সময়ে সেগুলি পাকিস্তানের
আকাশপথ ব্যবহার করে। তার জন্য তারা পাকিস্তানের বিমান পরিবহণ দপ্তরকে
নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়। একটি সূত্র অনুযায়ী, একটি বোয়িং ৭৩৭ মডেল
বিমানের জন্য ৫৮০ ডলার ‘ওভারফ্লাইট ফি’ দিতে হয়। বিমানের আকার বৃদ্ধি পেলে,
এই রাজস্বের পরিমাণ বাড়ে। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরেও আকাশপথ বন্ধ করে
দিয়েছিল পাকিস্তান। তার জন্য তাদের প্রতিদিন গড়ে ৩ লক্ষ ডলার করে ক্ষতির
মুখে পড়তে হয়েছিল। সেবার সব মিলিয়ে তাদের ১০ কোটি ডলারের আর্থিক ক্ষতি
হয়। এবারও একই পরিস্থিতি দেখা দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন