নয়াদিল্লি: ভারতের অপারেশন সিন্দুর-এ ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গি ঘাঁটি। মৃত্যু হয়েছে অন্তত ৮০ জন জঙ্গির। এবার তাদের শেষকৃত্যে দেখা মিলল পাকিস্তানের সেনা আধিকারিক, পুলিস ও প্রশাসনিক কর্তা ও রাজনীতিবিদদের। পাকিস্তানের জাতীয় পতাকায় মুড়ে নিয়ে যাওয়া হল খতম জঙ্গিদের দেহ। জানা গিয়েছে, লাহোরের কাছে মুরিদকেতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানায় মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তাদের শেষকৃত্যের আয়োজন করেছিল লস্কর-ই-তোইবা জঙ্গি হাফিজ আব্দুল রাউফ। সেখানে হাজির ছিলেন পাকিস্তানের সেনা আধিকারিক, পুলিসকর্তারা। দেখা গিয়েছে হাফিজ সইদের নিষিদ্ধ সংগঠন জামাত-উদ-দাওয়ার সদস্যদেরও। ইতিমধ্যেই এসংক্রান্ত ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলির সঙ্গে সেনা, পুলিস, সরকারি আধিকারিকদের ঘনিষ্ঠতা কতটা, এই ছবি-ভিডিও তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে, মুরিদকেতে জঙ্গিদের দেহ পাকিস্তানি পতাকায় মুড়িয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে পাক সেনাকে। একই চিত্র দেখা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদেও। জানা গিয়েছে, ভারতের প্রত্যাঘাতে জয়েশ-ই-মুহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য ও ৪ সহযোগীর মৃত্যু হয়েছে। তারপর তাকে সমবেদনা জানাতে একাধিক প্রশাসনিক কর্তা হাজির হয়েছিলেন বলে খবর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন