গ্রাহককে ১০ টাকার পেমেন্ট করিয়ে সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হোটেল বুকিং - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

গ্রাহককে ১০ টাকার পেমেন্ট করিয়ে সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার হোটেল বুকিং



বিধাননগর: হঠাৎ, মোবাইলে মেসেজ। তাতে লেখা, ‘আপনার বাড়ির নম্বর ভুল আছে। আপনার ওই ঠিকানায় ডেলিভারি করতে পারছি না’। ওই মেসেজের নীচে একটি লিঙ্কও দেওয়া ছিল। রাজারহাটের এক ব্যক্তি সেই লিঙ্কে ঢুকে ঠিকানা সংশোধন করতে গিয়েছিলেন। তার জন্য ক্রেডিট কার্ড থেকে ১০ টাকা পেমেন্টও করেছিলেন। কিন্তু, ১০ টাকার বদলে তাঁর কাছে এসএমএস আসে ১ লক্ষ ১৯ হাজার ২৫৭ টাকার! তিনি দেখেন, তাঁর ক্রেডিট কার্ড ব্যবহার করে সিঙ্গাপুরে লক্ষাধিক টাকার একটি হোটেল বুকিং হয়ে গিয়েছে! তিনি বুঝতে পারেন, প্রতারণার শিকার হয়েছেন। এ ব্যাপারে তিনি রাজারহাট থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ১৪ মে রাজারহাটের ওই ব্যক্তির কাছে ওই মেসেজটি এসেছিল। তিনি ভেবেছিলেন, তাঁর বোধহয় কোনও ডেলিভারি আটকে রয়েছে। তার জন্য ঠিকানা সংশোধন করতে বলছে। তদন্তে তিনি পুলিসকে জানিয়েছে, যে লিঙ্ক দেওয়া ছিল, প্রথমে তিনি তাকে ক্লিক করেন। তারপর ‘ডাকবিভাগে’র নামে একটি সাইট পান। তা দেখে ভাবেন, সত্যিই ঠিকানা সংশোধন হয়ে যাবে। তারপর সেখানে ১০ টাকা পেমেন্ট করতে বলা হয়। ওই সামান্য টাকা দেখে তিনি নিশ্চিন্তে নিজের ক্রেডিট কার্ড থেকে ১০ টাকা পেমেন্ট করে দেন। পরে দেখেন, কার্ডের মূল ব্যালেন্স থেকে ১ লক্ষ ১৯ হাজার ২৫৭ টাকা হাওয়া। ওই টাকা কোথায় খরচ হল? তিনি ব্যালেন্স চেক করে দেখেন, তা দিয়ে সিঙ্গাপুরের একটি হোটেল বুকিং করা হয়েছে! তারপরই তিনি পুলিসের দ্বারস্থ হন।

সাইবার বিশেষজ্ঞদের কথায়, গ্রাহকের বিশ্বাসযোগ্যতা অর্জন করতেই প্রতারকরা ডাকবিভাগের নামে লিঙ্ক বানিয়েছিল, যাতে সহজেই গ্রাহকরা ফাঁদে পা দেন। তার জন্য ১০ টাকার মতো অল্প মূল্য পেমেন্ট করতে বলা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ‘আপনার ঠিকানায় পার্সেল আছে। কাউকে পাওয়া যায়নি’। এই ধরনের ফোন করে অতীতে প্রতারণার ঘটনা দেখা গিয়েছে। কিন্তু, ঠিকানা সংশোধনের টোপ দিয়ে মেসেজ পাঠিয়ে এই ধরনের প্রতারণা নতুন। তাই সাইবার বিশেষজ্ঞদের কথায়, যদি কারও এই ধরনের মেসেজ আসে, তাহলে সতর্ক হন। কোনও ধরনের অচেনা লিঙ্কে ক্লিক করা চলবে না। কারণ, প্রতারকরা লিঙ্ক পাঠিয়ে যে কোনও সাইবার ক্রাইম করতে পারে। ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার ক্ষেত্রেও সতর্ক হতে হবে। যাতে কার্ড অটো সেভ না হয়ে যায়। তাহলেও ঝুঁকি থাকতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন