নয়াদিল্লি: সম্প্রতি সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য। তার জেরেই বৃহস্পতিবার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে কড়া ভাষায় ভর্ৎসনা করল সর্বোচ্চ আদালত। নিশিকান্তের মন্তব্যকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ কড়া ভাষায় জানিয়েছে, ‘আদালতগুলিকে একাধিক গুরুদায়িত্ব দিয়েছে সংবিধান। সাংসদের মন্তব্য সেই দায়িত্বকে অবজ্ঞা করতে উস্কানি দিচ্ছে। আদালত ফুলের ঘায়ে মূর্চ্ছা যায় না। এই ধরনের হাস্যকর মন্তব্যে শুকিয়ে ঝরে পড়বে না।’ উল্লেখ্য, নিশিকান্ত বলেছিলেন, ‘দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন এলাকায় গৃহযুদ্ধের জন্য দায়ী প্রধান বিচারপতি সঞ্জীব খান্না।’ বিজেপি সাংসদের এহেন মন্তব্যের নিন্দা করে প্রস্তাব পাশ করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। অবমাননার অভিযোগে নিশিকান্তের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলার আর্জি জানিয়ে দায়ের হওয়া পিটিশনেরই শুনানি ছিল এদিন। সেই আর্জি অবশ্য খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন