শতাধিক কার্তুজ নিয়ে বাসে চেপে ধর্মতলায়, ধৃত কেতুগ্রামের যুবক - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ২৬ মে, ২০২৫

শতাধিক কার্তুজ নিয়ে বাসে চেপে ধর্মতলায়, ধৃত কেতুগ্রামের যুবক


 

কলকাতা: ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে প্রচুর কার্তুজ উদ্ধার করল পুলিস। রবিবারের শুনশান ওই বাস স্ট্যান্ডে এক যুবকের ব্যাগ থেকে শতাধিক কার্তুজ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। লালবাজার জানিয়েছে, ধৃতের নাম রামকৃষ্ণ মাঝি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা তিনি। কোনও অপরাধী গোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্যই ৮ এমএম পিস্তলের ওই কার্তুজগুলি তিনি শহরে নিয়ে এসেছিলেন বলে প্রাথমিক তদন্তে জেনেছে এসটিএফ।


এদিন ভরদুপুরে ধর্মতলা বাস স্ট্যান্ডে আচমকা কালো গেঞ্জি পরা এক যুবককে ঘিরে ধরেন এসটিএফের অফিসাররা। ওই যুবক রামকৃষ্ণের কাছে একটি ব্যাগ ছিল। কী আছে ব্যাগে? পুলিসের এই প্রশ্নে থতমত খেয়ে যান তিনি। তাঁর উত্তরে অসঙ্গতি থাকায় ব্যাগটিতে তল্লাশি চালায় এসটিএফ। রাতে এসটিএফ সরকারিভাবে জানায়, ধর্মতলা বাস স্ট্যান্ডে এক যুবকের কাছ থেকে ১২০টি কার্তুজ উদ্ধার হয়েছে। এসটিএফের এক কর্তা বলেন, অফিসারদের কাছে আগে থেকেই গোপন সূত্রে এই কার্তুজ পাচারের খবর ছিল। সেই মতো এদিন অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই যুবকের কাজ ছিল শুধুমাত্র যথাস্থানে কার্তুজ পৌঁছে দেওয়া। কিন্তু, কোথায় সেগুলি পৌঁছে দেওয়ার কথা ছিল, তা খোলসা করেননি ধৃত।


প্রাথমিকভাবে জেরায় রামকৃষ্ণ জানিয়েছেন, উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকার ঘোলা থেকে বাস ধরেন তিনি। বাসে করেই ধর্মতলা এসে পৌঁছন। বাস থেকে নামার পরই তাঁকে ‘ট্র্যাক’ করতে থাকেন এসটিএফের অফিসাররা। ধর্মতলা থেকে মেচেদা যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ পরিবহণের একটি সরকারি বাসের টিকিট কাটেন যুবক। সেই টিকিটটিও উদ্ধার করেছেন তদন্তকারীরা।


পুলিস মনে করছে, উত্তর ২৪ পরগনা এলাকায় কোনও অস্ত্র কারবারির থেকে এই কার্তুজভর্তি ব্যাগ সংগ্রহ করেছিলেন ওই যুবক। অন্যদিকে, মেচেদায় কার কাছে সেটি পাচারের পরিকল্পনা ছিল, তা নিয়ে একটানা জিজ্ঞাসাবাদ করা হয় যুবককে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন