নিউ ইয়র্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তোইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফোর্স’ (টিআরএফ)। রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর তালিকায় এই সংগঠনটির নাম তুলতে এবার কোমর বেঁধে মাঠে নামল ভারত। সেই সূত্রেই নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের জঙ্গিদমন দপ্তর (ইউএনওসিটি) ও জঙ্গিদমন কমিটি এগজিকিউটিভ ডিরেক্টরেটের (সিটিইডি) শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করল ভারতের একটি প্রতিনিধি দল।
জঙ্গিদমন দপ্তরের (ইউএনওসিটি) ইউএন আন্ডার-সেক্রেটারি-জেনারেল ভ্লাদিমির ভোরনোকভ এবং সিটিইডি-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-জেনারেল নাটালিয়া ঘেরম্যানের সাক্ষাৎ করেন ভারতীয় প্রতিনিধি দলটির সঙ্গে। পহেলগাঁও জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের প্রাণহানির ঘটনায় সমবেদনা জানান রাষ্ট্রসঙ্ঘের এই শীর্ষ আধিকারিকরা। এবিষয়ে রাষ্ট্রসঙ্ঘের এক মুখপাত্র বলেন, ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় সিটিইডি এবং ইউএনওসিটি-এর আওতায় থাকা বিষয়গুলি নিয়ে সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব ও রাষ্ট্রসঙ্ঘের বিশ্বব্যাপী জঙ্গিদমন সংক্রান্ত রণকৌশল বাস্তবায়নের লক্ষ্যে কথা হয়েছে।
সাইবার সিকিউরিটি, জঙ্গিদের অবাধ গতিবিধি, সন্ত্রাসবাদী কাজে আর্থিক মদত বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সন্ত্রাসবাদের শিকার হওয়া সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইস্যুতেও কথা হয়েছে। ২০২২ সালে ভারতের পৌরোহিত্বে রাষ্ট্রসঙ্ঘের জঙ্গিদমন কমিটির বৈঠক হয়েছিল নয়াদিল্লিতে। সেই বৈঠকের ঘোষণাপত্র মেনে সন্ত্রাসবাদী কাজকর্মে যাতে ড্রোন সহ নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার বন্ধ করা যায়, কথা হয়েছে তা নিয়েও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন