রামপুরহাট: গভীর রাতে প্রসূতিকে হাসপাতালে নিয়ে আসার সময় মাঝরাস্তায় গাছের গুঁড়ি ফেলে অ্যাম্বুলেন্স আটকে দুঃসাহসিক ডাকাতিতে চাঞ্চল্য ছড়াল। ধারালো অস্ত্র দেখিয়ে প্রসূতির পরিবার ও অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা, গয়না সহ সর্বস্ব কেড়ে নিল ডাকাতদল। শনিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে রামপুরহাটের চাকাইপুর থেকে ছোড়া গ্রাম যাওয়ার রাস্তায়। ঘটনার জেরে আতঙ্কে ভুগছেন এলাকার বাসিন্দারা। তবে এলাকার বাসিন্দাদের দাবি, এই প্রথম নয়, প্রায়শই এই রাস্তায় এমন ঘটনা ঘটেছে। রাতের দিকে পুলিসি টহলদারির দাবি তুলেছেন তাঁরা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ রামপুরহাটের কুসুমদই গ্রামের বাসিন্দা পায়েল মালের প্রসবযন্ত্রণা ওঠে। স্বামী রঞ্জিত মাল, শাশুড়ি শকুন্তলা মাল, আশাকর্মী দুলালি লেট মিলে ওই প্রসূতিকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে চকমণ্ডলা ব্লক হাসপাতালে নিয়ে আসছিলেন। চাকাইপুর থেকে ছোড়া যাওয়ার নির্জন রাস্তার বাঁক ঘুরতেই অ্যাম্বুলেন্সে চালক রাস্তায় গাছের গুঁড়ি পড়ে থাকতে দেখেন। প্রথমে প্রসূতির পরিবার ভেবেছিল, বৃষ্টির জেরে হয়তো গাছ পড়ে গিয়েছে। গাড়ি দাঁড় করিয়ে গাছ সরানোর জন্য নামতেই গাছের আড়ালে থাকা ছ’জনের ডাকাত দল বেরিয়ে এসে তাঁদের ঘিরে ধরে। ধারালো অস্ত্র দেখিয়ে টাকাপয়সা যা আছে দিতে বলে ডাকাতরা। নইলে প্রাণে মারার হুমকি দেয়। এরপরই গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চালকের কাছে থাকা চার হাজার, আশাকর্মীর কাছ থেকে তিন ও প্রসূতির স্বামীর কাছ থেকে সাত হাজার টাকা কেড়ে নেয়। আশাকর্মী ও প্রসূতির শাশুড়ির কানের দুল খুলে নেয় তারা। মোবাইলের কভারের ভিতর রাখা টাকাও কেড়ে নেয় দুষ্কৃতীরা। পরে অবশ্য মোবাইল ফোনগুলি ফেরত দেয়। ‘অপারেশন’ সেরে ডাকাতরাই গাছ সরিয়ে অ্যাম্বুলেন্স যেতে দেয়। কিছুটা আসার পর পরিবারের পক্ষ থেকে পুলিসকে ফোন করে ডাকাতির বিষয়টি জানানো হয়। পুলিস রাতেই ঘটনাস্থলে আসে। যদিও ততক্ষণে পগারপার ডাকাতদল।
শকুন্তলাদেবী বলেন, বউমা প্রসবযন্ত্রণায় ছটফট করছে। ওষুধপত্রের জন্য টাকার দরকার। ডাকাতদলের কাছে কাকুতিমিনতি করেও লাভ হয়নি। যা আছে তা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে। ভয়ে যার কাছে যা ছিল সবই দিয়ে দিই। ঘুটঘুটে অন্ধকারে দেখেছি ডাকাতদলের কারও মুখ গামছায় ঢাকা ছিল। কেউ আবার মাস্ক পরেছিল। সকলেই বাংলায় কথা বলছিল। আমরা দিনমজুর পরিবার। সব লুট করে নিল ডাকাতরা। ভয়ঙ্কর অভিজ্ঞতা হল। রাতেই ব্লক হাসপাতালে পৌঁছলে প্রসূতিকে রামপুরহাট মেডিক্যালে রেফার করা হয়। রবিবার সকালে সিজারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন পায়েল।
এলাকার তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পান্থ দাস বলেন, এই প্রথম নয়, প্রায়শই এই রাস্তায় রাতের দিকে ডাকাতির ঘটনা ঘটছে। পুলিসের টহলদারির পাশাপাশি ডাকাতদলটিকে ধরে শাস্তির ব্যবস্থা করা হোক। যদিও পুলিস জানিয়েছে, অ্যাম্বুলেন্স আটকে ছ’হাজার টাকা মতো কেড়ে নেওয়া হয়েছে। রাতেই ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। দুষ্কৃতীদের ধরতে তদন্ত শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন