কলকাতা: রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি নেওয়ার (মেডিক্যাল ছাড়া) উপর যে নিষেধাজ্ঞা ৭ মে জারি হয়েছিল সেটি আপাতত কার্যকর থাকছে না। বুধবার রাজ্য অর্থদপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ফলে সরকারি কর্মী ও আধিকারিকরা এখন থেকে সব ধরনেরই ছুটি নিতে পারবেন। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে আপৎকালীন ব্যবস্থা হিসেবেই অর্থদপ্তর আগের নির্দেশিকাটি জারি করেছিল।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মীদের হেড কোয়ার্টার ছাড়তেও বারণ ছিল। বুধবার অর্থদপ্তরের প্রধান সচিব পি কে মিশ্র যে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি জারি করেছেন, তাতে বলা হয়েছে, ৭ তারিখের বিজ্ঞপ্তিটি ‘স্থগিত’ রাখা হচ্ছে। ছুটি সংক্রান্ত বিধিনিষেধের বিজ্ঞপ্তিটি ‘প্রত্যাহার’ হল, এমনটা অবশ্য বলা হয়নি। এটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সরকারি কর্মী মহল। তাদের ধারণা, জরুরি পরিস্থিতিতে ফের ছুটির উপর বিধিনিষেধ জারির সুযোগ রেখে দেওয়া হল।
জরুরি প্রয়োজনেও ছুটি নিতে না-পারায় অনেকে সমস্যায় পড়েন। তাই ছুটি সংক্রান্ত বিধিনিষেধটি প্রত্যাহারের দাবি ছিল কর্মী মহলের। একাধিক কর্মী সংগঠন এই দাবিতে সরকারকে চিঠিও দেয়। জুন মাসে কর্মীদের অর্জিত ছুটি (ইএল) জমিয়ে রাখা সংক্রান্ত অর্ধ বছরের সময়সীমা শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে কোনও কর্মীর ৩০০ দিনের বেশি ছুটি জমে থাকলে অতিরিক্ত ছুটিগুলি বাতিল হয়ে যায়। তার আগেই ছুটি নেওয়ার উপর বিধিনিষেধ উঠে যাওয়ায় কর্মীদের সুবিধা হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন