কলকাতা: তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিকস দপ্তরের প্রধান সচিব হলেন প্রবীণ আইএএস আধিকারিক অনুপকুমার আগরওয়াল। দীর্ঘদিন ধরে এই পদটিতে ছিলেন প্রবীণ আইপিএস আধিকারিক রাজীব কুমার। রাজ্য পুলিসের ডিজি হওয়ার পরেও তিনি তথ্য-প্রযুক্তি দপ্তরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। এই পরিবর্তন তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক মহল মনে করছে। এখন থেকে তিনি শুধু রাজ্য পুলিসের শীর্ষকর্তার দায়িত্বই সামলাবেন। অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আইএএস আধিকারিক অনুপ আগরওয়াল হাতে আরও দায়িত্ব থাকছে। তিনি কারিগরি শিক্ষাদপ্তরের প্রধান সচিব, জলপাইগুড়ি ডিভিশনের কমিশনারের দায়িত্ব পালন করে যাবেন। নবান্ন থেকে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে প্রবীণ আইপিএস আধিকারিক রাজেশ কুমারকে গ্রন্থাগার ও জনশিক্ষা দপ্তরের প্রধান সচিব পদে আনা হয়েছে। তিনি কারাদপ্তরের প্রধান সচিব ছিলেন। কারাদপ্তরের প্রধান সচিব হলেন অতিরিক্ত মুখ্যসচিব পর্যায়ের আইএএস আধিকারিক হৃদেশ মোহন। তিনি গ্রন্থাগার দপ্তরের দায়িত্বে ছিলেন।
এদিকে রাজ্য পুলিসে ডিজি, এডিজি এবং আইজি পর্যায়ে সাতজন আইপিএস আধিকারিকের ক্ষেত্রে কিছু রদবদল করা হয়েছে। ডিজি হোমগার্ড সঞ্জয় সিংকে সাইবার সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি দময়ন্তী সেন সশস্ত্র পুলিসের (এপি) দায়িত্বে এলেন। তিনি এডিজি (পলিসি) পদে ছিলেন। অজয় রানাডে এডিজি হোমগার্ড পদে বদলি হয়েছে। তিনি পুলিস প্রশাসনের এডিজি হলেন। এডিজি (এসটিএফ) বিনীত কুমারকে প্রশাসনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। হরিকিশোর কুসুমকার উপকূলরক্ষা সংক্রান্ত এডিজি পদে বদলি হলেন। তিনি সাইবার সেলের দায়িত্বে ছিলেন। লিগাল সেলের দায়িত্বপ্রাপ্ত এডিজি আনন্দ কুমার পলিসির অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন