টানা অবস্থান বিক্ষোভে বসার হুমকি বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

টানা অবস্থান বিক্ষোভে বসার হুমকি বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের

 


রায়গঞ্জ: মাঝে কয়েকদিন বিরতি। ফের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীদের অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। অশিক্ষক কর্মী তপন নাগের দ্রুত সাসপেনশন প্রত্যাহার, দুর্নীতি, কর্মীদের ভয় দেখানো, অনৈতিক কাজকর্ম নিয়ে সরব হয়ে ফের লাগাতার অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা। সোমবার রেজিস্ট্রারের ঘরের সামনে রীতিমতো বিক্ষোভ করে, স্মারকলিপি জমা দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ব্যাপারে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল অশিক্ষক কর্মীদের সংগঠন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতি। তাদের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম বজায় রেখেই তাঁরা আজ, মঙ্গলবার থেকে প্রতিবাদ আন্দোলন শুরু করবেন।
যদিও এই প্রতিবাদ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের বক্তব্য, লাগাতার ক্ষোভ, বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়কে যদি একাংশ কালো তালিকাভুক্ত করতে চান, করবেন। আমি একা কীভাবে সেটা সামাল দেবো? আমরা চাই বিশ্ববিদ্যালয় সুশৃঙ্খলভাবে চলুক। সেই কাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চালিয়ে যাচ্ছে।
উপাচার্য যোগ করেন, দীর্ঘদিন ধরে কর্মীদের কিছু দাবিদাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে। যা নিয়ে তাঁরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ করবেন, সেটাও স্বাভাবিক।
অশিক্ষক কর্মীর সাসপেনশন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, একটি তদন্ত কমিটি বিষয়টি দেখছে। ইতিমধ্যে দু’বার ওই কমিটি আলোচনা করেছে। আবার ডেট দেবে ওই কমিটি। সেটা নিয়ম অনুযায়ী এগচ্ছে।
এদিকে অশিক্ষক কর্মীদের অসন্তোষ প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পর্যবেক্ষক বিজয় দাস বলেন, দীর্ঘ ১০ মাস বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। অনেক সময় পরীক্ষার জন্য  পড়ুয়াদের স্বার্থে আমাদের প্রতিবাদ আন্দোলন স্থগিত করেছি। কিন্তু উপাচার্য বিভিন্ন ইস্যুতে নানাভাবে টালবাহানা করে যাচ্ছেন। আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কর্মীদের ভয় দেখানো, আমাদের সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী  তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে অযথা সময় নষ্ট করছেন। তাঁকে বিশ্ববিদ্যালয়ের বাইরে রেখেছেন। এসব ঘটনার কথা বলে দাবিদাওয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্মারকলিপির মাধ্যমে জানানো হয়েছে। এদিন রেজিস্ট্রার না থাকায় অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার বিপ্লব চক্রবর্তীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। যেখানে উল্লেখ করা হয়েছে, এগজিকিউটিভ কমিটিতে পাশ না করে অথবা কোনও কমিটি না গড়ে দ্রুত তপন নাগের সাসপেনশন প্রত্যাহার করতে হবে। এ ব্যাপারে আর সময় নষ্ট বরদাস্ত করা হবে না।
বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তারক্ষী এজেন্সির টেন্ডার বাতিল সহ একাধিক দাবি দ্রুত পূরণ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর চাপ বাড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন