‘ক্যাপ্টেন কুল আমিই’, ট্রেডমার্ক ধোনির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

‘ক্যাপ্টেন কুল আমিই’, ট্রেডমার্ক ধোনির



নয়াদিল্লি: ‘ক্যাপ্টেন কুল’!  একথা উচ্চারিত হলেই ক্রিকেটপ্রেমীদের চোখের সামনে ভেসে ওঠেন একজনই... মহেন্দ্র সিং ধোনি। প্রবল চাপের মুহূর্তে যিনি অবিচল। প্রতিকূল পরিস্থিতিতেও চোখ-মুখে কোনও টেনশন নেই। অসম্ভব মনে হওয়া স্কোরবোর্ড সমীকরণের সামনেও ব্যাট হাতে রান তাড়া করার সময় তিনি নিরুত্তাপ। মাথা বরফের মতো ঠান্ডা। দল জিতুক বা হারুক, তাঁকে দেখে ম্যাচের ফল বোঝা ভার। ভারতের নীল জার্সি হোক বা চেন্নাই সুপার কিংসের উজ্জ্বল হলুদ, নেতা মাহির আচার-আচরণ একই রকম থেকেছে। এজন্যই রাঁচির সাধারণ পরিবারের এক যুবক অচিরেই হয়ে উঠেছিলেন আসমুদ্রহিমাচলের নয়নের মণি, সকলের প্রিয় ‘ক্যাপ্টেন কুল’। সেই নামকরণই এবার সরকারিভাবে যুক্ত হচ্ছে ধোনির সঙ্গে। এখন থেকে আক্ষরিকভাবেই এমএসডি ‘ক্যাপ্টেন কুল’! 

জুনের শুরুতেই আইসিসি’র ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয়েছেন ধোনি। তারপরেই এসেছে এই সুখবর। সোমবার টি-২০ এবং ওডিআই বিশ্বকাপজয়ী অধিনায়কের আইনজীবী মানসী আগরওয়াল জানিয়েছেন, ‘ক্যাপ্টেন কুল’ শব্দবন্ধনীর ট্রেডমার্ক চেয়ে ২০২৩ সালের ৫ জুন আবেদন করেছিলেন মাহি। মহার্ঘ সম্বোধনকে নিজের ‘ইন্টেলেকচুয়াল প্রপার্টি’ হিসেবেই দাবি জানান। দীর্ঘদিনের আইনি জটিলতা মিটেছে অবশেষে। গত ১৬ জুন মঞ্জুর হয় প্রাক্তন ভারত অধিনায়কের আবেদন। ফলে খেলার সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রে ‘ক্যাপ্টেন কুল’ নামটি ব্যবহারের ‘এক্সক্লুসিভ’ অধিকার পেলেন। পরবর্তীকালে ট্রেনিং সেন্টার গড়া ও কোচিংয়ের ক্ষেত্রে যা ব্যবহার করতে পারবেন এমএসডি।

তবে সহজে এই ট্রেডমার্ক পাননি ধোনি। রেকর্ড ঘেঁটে দেখা যায়, প্রভা স্কিল স্পোর্টস প্রাইভেট লিমিটেড ‘ক্যাপ্টেন কুল’ নামের ব্যাপারে আগেই আবেদন করেছে। ফলে আইনি সংঘাত বেধে যায়। কোর্টে এই নিয়েই চলছিল সওয়াল জবাব। ধোনির লিগাল টিম যুক্তি দেয়, ‘ক্যাপ্টেন কুল’ বলতে মাহিকেই বোঝায়। বছরের পর বছর ধরে মিডিয়া ও ভক্তকুল তাঁর সম্পর্কে এই শব্দবন্ধনীই ব্যবহার করে এসেছে। ধোনির সঙ্গে শব্দ দুটো ওতপ্রোতভাবে জড়িয়ে। আর খেলাধুলা ও বিনোদনের সঙ্গে যেহেতু ‘ক্যাপ্টেন কুল’ ট্রেডমার্ক ব্যবহার করা হবে, তাই বিভ্রান্তির বিশেষ জায়গা নেই।

ট্রেডমার্ক পাওয়ার পর ‘ক্যাপ্টেন কুল’ নামে নিজস্ব অ্যাকাডেমি খুলতে পারেন ধোনি। অতীতে অ্যাকাডেমি খোলার জন্য একটি সংস্থার সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু ২০২১ সালে সেই চুক্তি থেকে সরে আসেন। ফলে এখন মাহির নিজস্ব অ্যাকাডেমি খুলতে আর কোনও বাধা নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন