পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা : লালু ও জগন্নাথ মিশ্রর পাঁচ বছরের কারাদণ্ড - Aaj Bikel
পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা : লালু ও জগন্নাথ মিশ্রর পাঁচ বছরের কারাদণ্ড

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা : লালু ও জগন্নাথ মিশ্রর পাঁচ বছরের কারাদণ্ড

Share This


রাঁচি : পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় (চাইবাসা ট্রেজারি মামলা) পাঁচ বছরের কারাদণ্ড হল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের| চাইবাসা ট্রেজারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বিহারের অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রর| পাশাপাশি লালু ও জগন্নাথ মিশ্রকে পাঁচ লক্ষ টাকা করে জরিমানা করেছে রাঁচির বিশেষ সিবিআই আদালত| লালু ও জগন্নাথ ছাড়াও চাইবাসা ট্রেজারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে জগদীশ শর্মা এবং আর কে রাণা-র| পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় তিন বছরের কারাদণ্ড হয়েছে ধ্রুব ভগত এবং বিদ্যাসাগর নিষাদ-এর|

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলা, চাইবাসা ট্রেজারি মামলায় বুধবার সকালেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন| লালু, জগন্নাথ মিশ্র, বিদ্যাসাগর নিষাদ, জগদীশ শর্মা এবং আর কে রাণা সহ ৫০ জনকে দোষী সাব্যস্ত করেছেন রাঁচির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি এস এস প্রসাদ| বিশেষ সিবিআই আদালতে মুক্তি পেয়েছেন ড. রাম প্রকাশ রাম, ড. মুকেশ শ্রীবাস্তব, রামঅবতার শর্মা, বিমলা শর্মা, সীমা কুমার এবং সুদেব রাণা| ১৯৯২-১৯৯৩ সালে চাইবাসা ট্রেজারি থেকে বেআইনিভাবে ৩৩.৬৭ কোটি টাকা তোলার দায়ে দোষী সাব্যস্ত হলেন লালু ও জগন্নাথ মিশ্র সহ মোট ৫০ জন|
পশুখাদ্য কেলেঙ্কারির দু’টি মামলায় আগেই দোষী সাব্যস্ত হয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব| তৃতীয় মামলাতেও তাঁকে দোষী সাব্যস্ত করল আদালত| এর আগে পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে নিরপরাধ ঘোষণা করা হলেও, তৃতীয় মামলায় আর রেহাই পেলেন না তিনি| তৃতীয় মামলাটিতে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে ১৯৯২-১৯৯৩ সালে ভুয়ো চিঠি ব্যবহার করে ৩৩.৬৭ কোটি টাকা চাইবাসা ট্রেজারি থেকে তোলার অভিযোগ প্রমাণিত হল| যেখানে সরকার অনুমোদিত অর্থের পরিমাণ ছিল ৭.১০ লক্ষ টাকা|

পশুখাদ্য কেলেঙ্কারির দ্বিতীয় মামলা, দেওঘর ট্রেজারি মামলায় দোষী প্রমাণিত হয়ে বর্তমানে রাঁচির বিরসা মুণ্ডা জেলে রয়েছেন লালু প্রসাদ যাদব| চলতি মাসের ৬ তারিখ দেওঘর ট্রেজারি মামলায় লালুকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত| তার আগে ২০১৩ সালে পশুখাদ্য কেলেঙ্কারির প্রথম মামলায় দোষী সাব্যস্ত হয়ে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল লালুর|

পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলায় লালু প্রসাদ যাদব দোষী সাব্যস্ত হওয়ার পর আরজেডি নেতা রঘুবংশ প্রসাদ সিং জানিয়েছেন, ‘এই রায়ে আমরা মোটেও হতাশ নেই| এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে|’ লালু প্রসাদ যাদবের পুত্র তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, ‘মানুষ জানেন বিজেপি, আরএসএস এবং বিশেষ করে নীতীশ কুমার কীভাবে লালু জী-র বিরুদ্ধে চক্রান্ত করছেন| সমস্ত রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব|’ অন্যদিকে, বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী জানিয়েছেন, ‘অবাক হওয়ার কিছু নেই| এই রায় প্রত্যাশিতই ছিল| আরজেডি-র বিবৃতি দুর্ভাগ্যজনক| তার মানে ওঁরা এটা বলতে চাইছে বিজেপি এবং নীতীশ জী-র সঙ্গে চক্রান্তে জড়িত বিচারক?’

কোন মন্তব্য নেই: