কলকাতা : দিন দুয়েক আগেই পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ হুমকি দিয়েছিলেন, ‘আমাকে ফাঁসালে, পাল্টা ফাঁসানো হবে|’ ভারতী ঘোষের এহেন হুমকির ৪৮ ঘন্টার মধ্যেই তাঁর ঘনিষ্ঠ কয়েকজন অফিসারের বাড়িতে লাগাতার তল্লাশি শুরু করল সিআইডি| বৃহস্পতিবার রাত থেকেই সিআইডি এবং রাজ্য দুর্নীতি দমন শাখার কয়েকজন অফিসার বেলদা থানার ওসি প্রদীপ রথের কোয়ার্টারে তল্লাশি শুরু করেন| পাশাপাশি তাঁর পূর্ব মেদিনীপুরের বাড়িতেও তল্লাশি শুরু হয়| রাতভর চলে তল্লাশি অভিযান| সূত্রের খবর, জেরা করা হয় অভিযুক্ত অফিসার ও এক কনস্টেবলকে| এখানেই শেষ নয়, ভারতী ঘোষের ঘনিষ্ঠ ৫ জন অফিসারের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে বলে খবর|
তল্লাশি চলাকালীন বেশ কিছু সোনার গয়না উদ্ধার করা হয়েছে| জেরার পরে ওসি প্রদীপ রথকে আটক করে তাঁর আবাসন থেকে নিয়ে গিয়েছেন সিআইডি আধিকারিকরা| সিআইডি সূত্রের খবর, এক ব্যবসায়ীর দায়ের করা ‘তোলাবাজি’-র মামলার প্রেক্ষিতেই আদালতের নির্দেশে এই তল্লাশি অভিযান চালিয়েছে সিআইডি| সিআইডি-র এই তল্লাশি অভিযান সম্পর্কে ভারতী ঘোষের এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন