নয়াদিল্লি : রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস| ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানী| তার আগেই রোমহর্ষক ঘটনা ঘটল দিল্লির দিলশাদ গার্ডেন এলাকায়| স্কুলবাসের চালককে লক্ষ্য করে গুলি চালিয়ে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে অপহরণ করল দুই আততায়ী| গোটা ঘটনাটি ঘটেছে প্রকাশ্য দিবালোকে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ প্রায় ২৫ জন পড়ুয়াকে নিয়ে স্কুল অভিমুখে যাচ্ছিল ওই স্কুলবাসটি| জিটিবি এনক্লেভ-এর কাছে বিবেকানন্দ স্কুলের সন্নিকটে বাসটিকে থামায় দুই আততায়ী| এরপর বাসের চালককে গুলি করে, দুষ্কৃতীরা ওই বাস থেকে প্রথম শ্রেণির এর পড়ুয়াকে অপহরণ করে পালিয়ে যায়| এই ঘটনার জেরে বাসে উপস্থিত অন্য পড়ুয়ারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কালো রঙের একটি মোটরবাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা| স্কুল পড়ুয়াকে অপহরণ করার পরই উত্তর প্রদেশের দিকে পালিয়ে যায় আততায়ীরা| পুলিশ সূত্রের খবর, অপহৃত স্কুল পড়ুয়া শাহদরার বাসিন্দা| দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে স্কুলবাসের চালকের| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পেশাদার অপরাধীদের দিয়ে এই কাজ করানো হয়েছে| গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন