ঢাকা : মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে এবার পরীক্ষার দিনগুলিতে দেশজুড়ে ফেসবুক বন্ধ রাখার পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার৷ আগামী ১ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পরীক্ষা৷ প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেই শিক্ষা মন্ত্রক এই নির্দেশ জারি করেছে৷ সম্প্রতি একাধিক পরীক্ষায় ফেসবুকের মাধ্যমে লাগাতার প্রশ্ন ফাঁস হওয়ায় তীব্র অস্বস্তিতে পড়েছে সরকার৷ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শুধুমাত্র পরীক্ষার দিনগুলিতে এই পদক্ষেপ কার্যকর করা হবে। তিনি আরও জানিয়েছেন, পরীক্ষার্থীদেরকে ৩০মিনিট আগে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থী এবং শিক্ষকরা মোবাইল ফোন বা কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে হলে প্রবেশ করতে পারবে না।
মন্ত্রী বলেছেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে আমরা ইতিমধ্যে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আগের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। কয়েকটি মামলায় বেশ কয়েকজনকেও গ্রেফতার করা হয়েছে।মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সাময়িক সময়ের জন্য ফেসবুক বন্ধ রাখার ব্যাপারে সরকার বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এবং প্রযুক্তি মন্ত্রকের সাথে কথা বলেছে৷
এদিকে পরীক্ষা চলাকালীন ফেসবুক বন্ধের পক্ষে ও বিপক্ষে ছড়িয়ে পড়ছে জনমত৷ বিশেষজ্ঞরা বলছেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মূলে আঘাত না করে সরকারের এই প্রচেষ্টা কোন যৌক্তিক সমাধান হতে পারে না। অনেকে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷ তাঁদের যুক্তি, যেভাবে প্রশ্ন ফাঁস চক্র সক্রিয় তাতে পরীক্ষা চলাকালীন ফেসবুক সাময়িক বন্ধ করা ছাড়া সরকারের কোনও উপায় নেই৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন