নয়াদিল্লি : সংসদের চলতি বাজেট অধিবেশনেই তিন তালাক বিল পাশ করাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার| বাজেট অধিবেশন শুরুর প্রাক্কালে সর্বদলীয় বৈঠক শেষে (রবিবার) সরকারের তরফে এ কথা স্পষ্ট করে দেওয়া হয়| আর সোমবার তিন তালাক বিল প্রসঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ‘আমি আশা করছি, তিন তালাক বিল খুব শীঘ্রই পাশ হয়ে যাবে|’ সোমবার বাজেট অধিবেশনের শুরুতে সংসদের উভয়কক্ষ রাজ্যসভা ও লোকসভার যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ‘আমি আশা করছি, তিন তালাক বিল খুব শীঘ্রই পাশ হয়ে যাবে| যার ফলে মুসলিম মহিলারা নির্ভয়ে সম্মানের জীবন যাপন করতে পারবেন|’
রাষ্ট্রপতির এই বার্তার আগে এদিনই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘সংসদের এই বাজেট অধিবেশনে তিন তালাক বিল পাস করার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি|’ বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, ‘এই বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ| গোটা বিশ্ব এখন ভারত সম্পর্কে আশাবাদী| বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড)-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারত সম্পর্কে ইতিবাচক মতামত দিচ্ছে|’ বিরোধী রাজনৈতিক দলের সাংসদদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘অধিবেশনে বাজেট নিয়ে আলোচনা হোক| গ্রামাঞ্চলের কল্যাণ সম্পর্কে আমাদের ভাবতে হবে| আমাদের ভাবতে হবে কৃষক, দলিত, উপজাতি সম্প্রদায় ও শ্রমিকদের সম্পর্কে|’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন