‘কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর দাবি যদি মেনে নিতে হয়, তাহলে ভিক্ষাবৃত্তিও কর্মসংস্থান’ - Aaj Bikel
‘কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর দাবি যদি মেনে নিতে হয়, তাহলে ভিক্ষাবৃত্তিও কর্মসংস্থান’

‘কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর দাবি যদি মেনে নিতে হয়, তাহলে ভিক্ষাবৃত্তিও কর্মসংস্থান’

Share This

কলকাতা: লাগাতার কৃষক আত্মহত্যা ও চরম বেকারি নিয়ন্ত্রণের কোনও পথ দেখাতে পারল না কেন্দ্রের এই বাজেট৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট পেশের পর এই মন্তব্য করেন সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ৷ তিনি বলেন, “কর্মসংস্থান নিয়ে অর্থমন্ত্রীর দাবি যদি মেনে নিতে হয়, তাহলে ভিক্ষাবৃত্তিও কর্মসংস্থান৷”


পার্থ ঘোষ বলেন, “এমন নয় কৃষক আত্মহত্যা এই আমলেই হচ্ছে৷ আগের আমলেও এটা ছিল৷ কিন্তু বিজেপি আশ্বাস দিয়েছিল, এই অবস্থার উন্নতি করবে৷ বাজেটে এবারেও তার কোনও দিশা নেই৷ ঋণ মুকুব না করলে এই অবস্থার উন্নতি হবে না৷” কিন্তু কোনও সুস্থ অর্থনীতি কি আদৌ কৃষকদের ঋণ মুকুবের প্রস্তাব সমর্থন করবে? সেটা কি সম্ভব? এর জবাবে পার্থবাবু বলেন, “কীভাবে সম্পন্ন ঋণ খেলাপিরা রাজকোষ থেকে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করছে? সেই ঋণের টাকা আদায় না করে গরিব চাষীদের এভাবে আত্মহননের পথে ঠেলে দেওয়ার যুক্তি কোথায়? আর, কৃষকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল না কিনলে এবং তার ন্যুনতম দাম সরকার না মেটালে চাষী ঋণ শোধ করবেন কীভাবে?”

সিপিআই (এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক এ দিন আরও বলেন, “চাষীরা বাইরে থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছে৷ কিছু দালাল এই কাজে যুক্ত৷ কিছু ব্যাংক-কর্তা ও রাজনীতিকদের সহযোগিতায় এই কাজ চলছে৷ এ সব বন্ধ করার কোনও দিশা নেই বাজেটে৷ কৃষকরা তাঁদের উত্পাদনের মাত্র ৬ শতাংশ সরকারের কাছে বিক্রি করতে পেরেছে৷ বাকিটা তারা অভাবে বিক্রি করতে বাধ্য হচ্ছে৷ যে দামে সরকার তাদের ফসল কিনছে, তা দেড় গুন বাড়ানোর আশ্বাস দিয়েছিল সরকার৷ তার বাস্তবায়নের ছিটেফোঁটাও নেই এই বাজেটে৷”

কোন মন্তব্য নেই: