পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী দু-দিন চড়বে তাপমাত্রার পারদ - Aaj Bikel
পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী দু-দিন চড়বে তাপমাত্রার পারদ

পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী দু-দিন চড়বে তাপমাত্রার পারদ

Share This


কলকাতা : টানা কয়েক সপ্তাহ কনকনে ঠান্ডা উপভোগ করার পর এবার ছন্দ পতন । পশ্চিমি ঝঞ্ঝার জেরে আগামী দু-দিন চড়বে তাপমাত্রার পারদ । পরে শীত ফিরলেও জাঁকিয়ে ঠান্ডা আর পাওয়া যাবে না । কনকনে ঠান্ডা এবারের মত শেষ বলে বুধবার জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর ।

রাজস্থানের ওপর এতদিন অবস্থান করলেও পশ্চিমী ঝঞ্জা এখন রয়েছে বিহারের ওপর । যার ফলে রাজ্যে আসতে বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া । তাই পারদ এখন উর্ধমুখী । তবে আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা বলছেন,শীতের আমেজ থাকবে আরও কিছুদিন । বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা বেড়েছে । তবে উত্তরবঙ্গের দুই জেলায় শীতের দাপট রয়েছে । মরুশুমের প্রথম তুষারপাত হতে চলেছে দার্জিলিং-এ । আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্জার জেরে দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা ভাব কমলেও পাহাড়ে ক্রমশ বাড়বে ঠান্ডার দাপট ।

 দার্জিলিং-এর পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমেও । তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়বে বাতাসে জলীয়বাস্পের পরিমাণ । কয়েকদিন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা । তবে শুক্রবার থেকে তাপমাত্রা ফের স্বাভাবিক হতে পারে বলে মনে করছেন তারা । ফলে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের নামতে পারে ।

বৃহস্পতিবার কলকাতার আকাশ পরিস্কার থাকবে । বুধবার সকালেরও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চতাপ মাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি । সর্বনিম্ন, ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৮৬ শতাংশ । সর্বনিম্ন, ৪৪ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।

কোন মন্তব্য নেই: